নাটোর, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নাটোর জেলা ছাত্রদলের সভাপতি ও ২০ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফরহাদ আলী শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আইনজীবীর ছদ্মবেশে সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সঙ্গে ঢাকার বিশেষ আদালতে দেখা করে বেরিয়ে আসার সময় রোববার তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান নাটোরের গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল হান্নান।
তিনি জানান, গ্রেপ্তারের পর শাহীনকে নাটোর নিয়ে আসা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
আব্দুল হান্নান জানান, গত রোববার জাতীয় সংসদ ভবনের বিশেষ আদালতে হাজিরার জন্য দুলুকে নিয়ে যাওয়া হয়। ওই সময় আইনজীবীর ছদ্মবেশে শাহীন আদালতের ভেতর ঢোকে। সেখান থেকে বের হওয়ার সময় আদালতের ফটক থেকে শাহীনকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, গোপন সূত্রে খবর পেয়ে নাটোর গোয়েন্দা পুলিশের একটি দল আগে থেকেই আদালত এলাকায় ওঁৎ পেতে ছিলো।
জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে শাহীন একটি অত্যাধুনিক পিস্তলের সন্ধান জানালে সোমবার নাটোরের কান্দিভিটা মহল্লার একটি বাড়ি থেকে চেকোশ্লোভিয়ার তৈরি একটি পিস্তল উদ্ধার করা হয় বলে আব্দুল হান্নান জানান।
পুলিশ জানায়, শাহীনের বিরুদ্ধে সন্ত্রাসের বহু অভিযোগ রয়েছে। নাটোরের রামশাকাজীপুরে বাড়ি পোড়ানোর মামলায় সাবেক ভূমি উপমন্ত্রী দুলুর সঙ্গে তারও ২০ বছর সাজা হয়। এছাড়াও জঙ্গিদের মদদ দানের অভিযোগে শাহীনের বিরুদ্ধে আরও চারটি মামলা রয়েছে।
দুলুকে গ্রেপ্তারের পরপরই শাহীন গা-ঢাকা দিয়েছিল বলে পুলিশ কর্মকর্তা হান্নান জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৯১০ ঘ.
bdnews24