২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আদালত প্রাঙ্গণ থেকে আসামির পলায়ন

হাজিরা দিতে এসে সোমবার দুপুরে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে পুলিশ হেফাজত থেকে মোহাম্মদ খোকন নামে ছিনতাই মামলার এক আসামি পালিয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2007, 12:49 PM

Updated : 26 Aug 2022, 08:40 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- হাজিরা দিতে এসে সোমবার দুপুরে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে পুলিশ হেফাজত থেকে মোহাম্মদ খোকন নামে ছিনতাই মামলার এক আসামি পালিয়ে গেছে। পুলিশ ও আদালত সূত্র জানায়, ডবলমুরিং থানার ২০০৬ সালে দায়ের করা একটি ছিনতাই মামলার হাজিরার জন্য খোকনকে দ্রুত বিচার ট্রাইব্যুনাল হাবিবুর রহমানের আদালতে নিয়ে আসা হয়। আদালত বসতে দেরি হওয়ায় বেলা ১২টার দিকে আসামির দায়িত্বে থাকা কনস্টেবল নাছির খোকনকে নিয়ে আদালত এলাকার একটি চায়ের দোকানে যায়। সুযোগ পেয়ে সেখান থেকেই খোকন পালিয়ে যায়। ঘটনার সত্যতা স্বীকার করে সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউসন) মোহাম্মদ ফরিদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, এজন্য দায়ী দুই পুলিশ কনস্টেবল মো. হানিফ ও মো. নাছিরকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে একটি বিভাগীয় তদন্তের জন্য উপ-পুলিশ কমিশনার (সদর) নির্দেশ দিয়েছেন বলেও মোহাম্মদ ফরিদ জানান। তিনি বলেন, "পালিয়ে যাওয়া আসামিকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।" আদালত সূত্র জানায়, ২০০৬ সালের ২১ নভেম্বর নগরীর ডবলমুরিং থানা এলাকায় টাকা ও মোবাইল ছিনতাইয়ের সময় খোকন ধরা পড়ে। এরপরে ডবলমুরিং থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়; যা দ্রুত বিচার আদালতে বিচারাধীন। খোকন নগরীর পাহাড়তলী এলাকায় রাজ্জাকের কলোনিতে থাকতো। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার দক্ষিণ হাতিয়ায়। তার বাবার নাম আবু তালেব। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৮৪২ ঘ.