২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতিবাজদের সমন্বিত তালিকায় থাকবে শ দুয়েক নাম

সন্দেহভাজন ও চিহ্নিত দুর্নীতিবাজদের সমন্বিত একটি তালিকা চলতি মাসেই প্রকাশ করবে গুরুতর অপরাধ দমন অভিযান সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স। এ পর্যন্ত প্রকাশিত দুর্নীতিবাজদের তালিকায় অন্তর্ভুক্ত নাম মিলিয়ে নতুন এ তালিকায় সর্বোচ্চ দুশ থেকে ২২০ জনের নাম থাকতে পারে। ইতিমধ্যেই বলা হয়েছে, এটাই হবে দুর্নীতিবাজদের শেষ তালিকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2007, 11:28 AM

Updated : 26 Aug 2022, 08:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সন্দেহভাজন ও চিহ্নিত দুর্নীতিবাজদের সমন্বিত একটি তালিকা চলতি মাসেই প্রকাশ করবে গুরুতর অপরাধ দমন অভিযান সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স। এ পর্যন্ত প্রকাশিত দুর্নীতিবাজদের তালিকায় অন্তর্ভুক্ত নাম মিলিয়ে নতুন এ তালিকায় সর্বোচ্চ দুশ থেকে ২২০ জনের নাম থাকতে পারে। ইতিমধ্যেই বলা হয়েছে, এটাই হবে দুর্নীতিবাজদের শেষ তালিকা। যোগাযোগ উপদেষ্টা এবং গুরুতর অপরাধ দমন অভিযান সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির চেয়ারম্যান এম এ মতিন সোমবার সচিবালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান। উপদেষ্টা বলেন, দুর্নীতিবাজদের নিয়ে আর কোনো অভিযান চালাবে না টাস্কফোর্স। এরই মধ্যে টাস্কফোর্স ১৪২টি ঘটনার তদন্ত শেষ করেছে। এর মধ্যে বেশ কিছু ঘটনায় মামলা দায়ের ও বিচার হয়েছে। কিছু বিষয়ে তদন্ত শেষে এখন মামলা দায়েরের অপেক্ষায় আছে। দুর্নীতি দমন কমিশন এসব মামলা দায়ের করবে। নতুন অনুসন্ধান না চালানোর কারণ সম্পর্কে উপদেষ্টা মতিন বলেন, "আমরা যেসব অভিযোগ নিয়ে কাজ শুরু করেছি, সেগুলোর বিচারসহ যাবতীয় প্রক্রিয়া ২০০৮ সালের মধ্যে শেষ করতে চাই। তাই আর নতুন কিছু নিয়ে কাজ করা হবে না। নতুন কাজ হাতে নিলে নির্ধারিত সময়ের মধ্যে তা শেষ করা সম্ভব হবে না। তাই নতুন ও পুরনো মিলিয়ে মোট দুর্নীতিবাজের তালিকা ২২০ জনের এর মধ্যে রাখা হবে।" তিনি বলেন, দুর্নীতির সঙ্গে জড়িতদের ব্যক্তি বা রাজনৈতিক বিবেচনায় ধরা হচ্ছে না। দুর্নীতির মাত্রা বিবেচনা করেই তাদের আইনের আওতায় আনা হচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/এসকে/১৭২১ঘ.