ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সন্ত্রাসীদের গুলিতে পরিবহন মালিক যুবদল নেতা শাহাবুদ্দিন মুন্সী ওরফে বারেক (৪৫) রাজধানীর পল্লবীতে নিহত হয়েছেন।
সোমবারের এই ঘটনায় আব্দুল খালেক নামে আরেক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পল্লবী থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাতটার দিকে পল্লবীতে নিজ বাসার সামনে পরিবহন কর্মী ও শ্রমিকদের সঙ্গে কথা বলার সময় মোটরসাইকেল আরোহী তিন-চারজন যুবক বারেককে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। তার মাথায় তিন-চারটি গুলি লাগে।
একই সময় বারেকের কর্মচারি আব্দুল খালেকের (৪৮) বাঁ হাত এবং বাঁ পাজরে গুলি লাগে।
এলাকাবাসী বারেককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ আব্দুল খালেক চিকিৎসাধীন আছেন।
ঢাকা পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি এবং বেসরকারি পরিবহন সংস্থা 'মিরপুর পরিবহনের' ব্যবস্থাপনা পরিচালক বারেক তিনি পল্লবী থানা যুবদলের সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর যুবদল (উত্তর) এর যুগ্ম সাধারণ সম্পাদক। স্ত্রী ও শান্তা নামে তিন বছরের একটি মেয়ে রেখে গেছেন তিনি।
বারেকের ভাগনে সোহেল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, তার মামা অনেক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। আগের কোন বিবাদের জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তিনি মন্তব্য করেন।
পল্লবী থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, ব্যবসা না রাজনীতির কারণে এ হত্যার ঘটনা ঘটেছে সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
এ ব্যাপারে পল্লবী থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/আরএ/এসকে/১৭০৯ঘ.
bdnews24