রাজশাহী, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গোদাগাড়ী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদের বিরুদ্ধে শিক্ষা অধিদপ্তরের চিঠি জাল করার অভিযোগে থানায় মামলা হয়েছে।
শনিবার রাতে ওই কলেজের উপাধ্যক্ষ এনামুল হক এ মামলা করেন।
অধ্যক্ষ আব্দুর রশিদ ছাড়াও এই মামলায় আসামি করা হয়েছে ওই কলেজের জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শহীদুল করিম শিবলীকে।
শনিবার রাতে গোদাগাড়ী থানার উপপরিদর্শক বশর চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, উপাধ্যক্ষ এনামুল হকের অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মামলার অভিয়োগে বলা হয়, উপাধ্যক্ষ এনামুল হকের বেতন বন্ধের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক সাইদুর রহমান স্বাক্ষরিত ১৪ আগস্ট '০৭ তারিখের একটি চিঠি গোদাগাড়ী কলেজ পরিচালনা পর্ষদ ও সোনালী ব্যাংক গোদাগাড়ী শাখায় পাঠানো হয়। এই চিঠি দেখে উপাধ্যক্ষ এনামুল হক শিক্ষা অধিদপ্তরে খোঁজ নিয়ে জানতে পারেন সাইদুর রহমান নামের কোন সহকারী পরিচালক নেই। অধ্যক্ষ নিজে এই জালিয়াতি করেছেন।
তার বিরুদ্ধে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও ঘুষের বিনিময়ে চাকুরি দেওয়ার অভিযোগে এর আগে আরও দু'টি মামলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২৩০৯ ঘ.
bdnews24