২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরের সাবেক সাংসদ রুবেলের বিরুদ্ধে চাঁদাবাজি মামলায় অভিযোগ গঠন

শেরপুর-৩ আসনের (শ্রীবরদী-ঝিনাইগাতী) সাবেক সাংসদ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হক রুবেলসহ পাঁচ জনের বিরুদ্ধে জাল দলিল তৈরি ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলার অভিযোগ গঠন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2007, 12:54 PM

Updated : 26 Aug 2022, 08:40 PM

শেরপুর, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেরপুর-৩ আসনের (শ্রীবরদী-ঝিনাইগাতী) সাবেক সাংসদ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হক রুবেলসহ পাঁচ জনের বিরুদ্ধে জাল দলিল তৈরি ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলার অভিযোগ গঠন হয়েছে। রোববার দুপুরে শেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মাহমুদুল কবিরের আদালতে এ অভিযোগ গঠন হয়। তবে অভিযোগ গঠনের সময় সাবেক সাংসদসহ অপর আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন। মামলার অপর চার আসামি হলেন, জেলা বিএনপির সহ-সভাপতি ফজলুল হক লাভলু, প্রদীপ বর্মণ, পরিমল বর্মণ ও কৃষ্ণ বর্মণ। জেলা শহরের নারায়ণপুর শিববাড়ী এলাকার বাসিন্দা মো. রবিউল আলম চাঁন মিয়া বাদি হয়ে চলতি বছরের ২৪ এপ্রিল সদর থানায় মামলাটি দায়ের করেন। এজাহারে অভিযোগ করা হয়, বাদির একটি জমি জাল দলিল করে আসামিরা আত্মসাতের প্রক্রিয়া চালায়। ২০০৪ সালের ১২ ডিসেম্বর ওই জমি নিয়ে বিরোধ মীমাংসার বিনিময়ে বাদির কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় বাদির ওই জমি আসামিরা যোগসাজশ করে আত্মসাত করে। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নান্নু মিয়া মামলার অভিযোগপত্র দেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৫৬ ঘ.