ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মালয়েশিয়ায় আটকেপড়া ৮০ বাংলাদেশী শ্রমিক ক্ষতিপূরণ পাবে। দেশে ফেরার খরচসহ জমা করা সব অর্থ তাদের ফেরত দেওয়া হবে। তবে তাদের বকেয়া বেতনের বিষয়টি নিষ্পত্তি হবে আদালতের মাধ্যমে।
এক তথ্য বিরণীতে শনিবার এ কথা জানানো হয়। এতে বলা হয়, মালয়েশিয়ায় বাংলাদেশী শ্রমিক সমস্যা নিয়ে দেশটি সফর করে আসা সরকারি প্রতিনিধি দলের সদস্যরা তাদের সফরের প্রাথমিক ফলাফল পররাষ্ট্র উপদেষ্টাকে জানিয়েছেন।
প্রতিনিধি দলের সদস্যরা জানান, যে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ৮০ জন বাংলাদেশী মালয়েশিয়া গিয়েছিলেন, সে কোম্পানি তাদের ক্ষতিপূরণ দেবে। মালয়েশিয়ায় তারা যে প্রতিষ্ঠানে কাজ করতো তারা সে বেতন পরিশোধ করবে। তবে বিষয়টি নিয়ে শ্রমিকদের পক্ষ থেকে মামলা হওয়ায় এখনই বেতনের টাকা পাওয়া যাবে না। আদালতের মাধ্যমে মামলা নিষ্পত্তি হলে বেতনের বিষয়ে সিদ্ধান্ত হবে।
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে প্রতিনিধি দলের প্রধান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব আবদুল মতিন চৌধুরী রোববার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "পররাষ্ট্র উপদেষ্টা পুরো বিষয়টি নিয়ে আমাদের একটি প্রতিবেদন তৈরির নির্দেশ দিয়েছেন। তা তৈরির আগে কিছুই বলা যাবে না।"
আবদুল মতিন চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলটি গত মঙ্গলবার মালয়েশিয়া যায়। শুক্রবার তারা দেশে ফেরেন।
সফরকালে প্রতিনিধি দলটি মালায়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, মানব সম্পদ মন্ত্রণালয়ের মহাপরিচালকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে।
এসব বৈঠকে কুয়ালালামপুর বিমানবন্দরে বাংলাদেশী কর্মীদের দ্রুত ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের ব্যবস্থা করা, তাদের এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়িয়ে দুই মাস করা, কল-ইন ভিসা ইস্যু করার বর্তমান হার অব্যাহত রাখা এবং হাইকমিশন বা রিক্রুটিং এজেন্টকে আগে থেকে না জানিয়ে কল-ইন ভিসা বাতিল না করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে প্রতিনিধি দলের এক সদস্য জানান।
মালয়েশিয়ায় কাজের জন্য যাওয়া বাংলাদেশী এসব শ্রমিক প্রতিশ্র"ত কাজ না পেয়ে কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসের সামনে অনশন করেন। পরে তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। এখন তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/এমআই/১৪৫৪ ঘ.
bdnews24