২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দু'পক্ষের আইনজীবী ও আত্মীয়-স্বজনের প্রতিক্রিয়া

লিভ টু আপিল আবেদনের রায়ের প্রতিক্রিয়ায় আসামী সৈয়দ ফারুক রহমান ও আর্টিলারীর মহিউদ্দিন আহমেদের কৌসুলি খান সাইফুর রহমান বলেছেন, "লিভ টু আপিল গৃহীত হয়েছে। এর অর্থ আপিল শুনানির জন্য গৃহীত হলো। পেপারবুক তৈরি ও সংক্ষিপ্ত বিবরণী দাখিল করে আপিল ৩০ অক্টোবরের মধ্যে শুনানির জন্য প্রস্তুত করে দিতে হবে। এর মধ্যে আপিল প্রস্তুত না হলে মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের ওপর স্থগিতাদেশ খারিজ হয়ে যাবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2007, 04:49 AM

Updated : 26 Aug 2022, 08:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- লিভ টু আপিল আবেদনের রায়ের প্রতিক্রিয়ায় আসামী সৈয়দ ফারুক রহমান ও আর্টিলারীর মহিউদ্দিন আহমেদের কৌসুলি খান সাইফুর রহমান বলেছেন, "লিভ টু আপিল গৃহীত হয়েছে। এর অর্থ আপিল শুনানির জন্য গৃহীত হলো। পেপারবুক তৈরি ও সংক্ষিপ্ত বিবরণী দাখিল করে আপিল ৩০ অক্টোবরের মধ্যে শুনানির জন্য প্রস্তুত করে দিতে হবে। এর মধ্যে আপিল প্রস্তুত না হলে মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের ওপর স্থগিতাদেশ খারিজ হয়ে যাবে।" খান সাইফুর রহমান এ মামলার ঘটনাটিকে আবারও 'সামরিক অপরাধ' আখ্যায়িত করে বলেন,"এ অপরাধ বেসামরিক আদালতে বিচার করা যায় না। আপিলে আমাদের এটাই মূল যুক্তি।" আসামী সুলতান শাহরিয়ার রশিদ খানের কৌসুলি আবদুর রেজ্জাক খান বলেন, "হাইকোর্টের দ্বিধাবিভক্ত রায় নিস্পত্তি করতে গিয়ে তৃতীয় বিচারপতি কেবল ৬ আসামীর বিচার করেছেন। সমস্ত মামলাটি না শুনে তৃতীয় বিচারপতি আইনত ভুল করেছেন। আসামীপক্ষের এই যুক্তিতেই মূলত আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করেছে।" আসামী মেজর (অব) বজলুল হুদা ও মেজর (অব) একেএম মহিউদ্দিন আহমেদের (ল্যান্সার) পক্ষে ব্যারিস্টার আবদুল্লাহ -আল -মামুন বলেন, সুপ্রিমকোর্ট আপিল শুনানির জন্য গ্রহণ করেছে। ৩০ অক্টোবরের মধ্যে আপিল প্রস্তুত করে পেপারবুক আদালতে জমা দিতে হবে। এটি করতে ব্যর্থ হলে আসামীদের মুত্যুদণ্ডাদেশের হাইকোর্টে রায় বহাল থাকবে। রাষ্ট্রপক্ষের বিশেষ কৌসুলি আনিসুল হক বলেন, "একজন সাধারণ মানুষ হিসাবে আমি এ রায়ে দু:খিত। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের মানুষ হিসাবে যে বিচার পাওয়া উচিত তা পাইনি। আশা করব আদালত নিরপেক্ষভাবে ন্যায়বিচার করবে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার চুড়ান্ত বিচার দীর্ঘায়িত হলে তার দায়দায়িত্ব আদালতের। সুবিচার বা ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়টি আদালতের ওপর নির্ভরশীল। আসামী লে.কর্ণেল (বরখাস্ত) সৈয়দ ফারুক রহমানের মা মাহমুদা রহমান সন্তোষ প্রকাশ করে বলেন, "আদালতের এ রায়ে আমি খুশি। আমি অবশ্যই আনন্দিত।" ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মনির ছেলে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, "আমি হতবাক ও বিস্মিত। বিচারের জন্য ৩২ বছর অপেক্ষা করেছি। লিভ টু আপিল গৃহীত হওয়ার কারণে মৃত্যুদণ্ড কার্যকর বিলম্বিত হয়ে গেল।" নিরপেক্ষ বিচারে হাইকোর্টের রায় কার্যকর হবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৫৫১ঘ.