ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) সভাপতি হাসানুল হক ইনু শনিবার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের সঙ্গে সাক্ষাত করে নির্বাচন কমিশনের সঙ্গে তার দলের আলোচনায় যাওয়ার বিষয়টি জানিয়ে এসেছেন।
সাক্ষাতের পর জিল্লুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইনু আমার সঙ্গে দেখা করেছেন এবং নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার বিষয়টি নিয়ে কথা হয়েছে। জাসদ নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় যেতে আগ্রহী।"
হাসানুল হক ইনু বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, জিল্লুর রহমানের সঙ্গে এটা ছিল তার সৌজন্য সাক্ষাত। একই সঙ্গে গত ১৫ সেপ্টেম্বর জাসদের কার্যকরী কমিটির বৈঠকের সিদ্ধান্ত তিনি জিল্লুর রহমানকে জানিয়েছেন। ওই বৈঠকে জাসদ নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় যাওয়ার সিদ্ধান্ত নেয়।
তিনি বলেন, "রোডম্যাপ বাস্তবায়নে ইতিবাচক উদ্যোগ নেওয়া দরকার। এজন্য ১৪ দলের অন্তর্ভূক্ত সব দলকে এক ও অভিন্ন অবস্থানে আসতে হবে। ২৭ সেপ্টেম্বরের পর যে কোনও দিন আওয়ামী লীগ ও জাসদের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা হবে।"
জিল্লুর রহমানের গুলশানের বাসভবনে তার সঙ্গে হাসানুল হক ইনুর সাক্ষাতের সময় সেখানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ ও আইন বিষয়ক সম্পাদক সাহারা খাতুন। ইনু সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জিল্লুর রহমানের বাসায় যান এবং আধঘণ্টার কিছু বেশি সময় সেখানে অবস্থান করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/জিএমএ/জিএনএ/এমএসবি/০১৪৬ ঘ.
bdnews24