ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নিম্নচাপে উত্তাল সাগরে শুক্রবার সন্ধ্যা থেকে অন্তত ১৫টি ট্রলার ডুবেছে। নিখোঁজও রয়েছে অনেকগুলো। এসব ট্রলারের সহস্রাধিক জেলের কোনো খোঁজ মিলছে না। তবে কেউ মারা গেছেন বলে নিশ্চিত খবর পাওয়া যায়নি।
পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও জোরদার হওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সঙ্কেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে। নিম্নচাপটি শনিবার মধ্যরাত বা রোববার ভোর নাগাদ ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। (আরও তথ্যসহ-৩)
শনিবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে বলা হয়, উড়িষ্যা উপকূলের অদূরে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি মূলত একই এলাকায় স্থির রয়েছে। সন্ধ্যা ৬টায় নিম্নচাপটি চট্টগ্রাম বন্দর থেকে ৬৮০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার থেকে ৬৬০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে ও মংলা সমুদ্র বন্দর থেকে ৪৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও জোরদার হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে শনিবার মধ্যরাত বা রোববার ভোরের দিকে প্যারাদ্বীপের কাছ দিয়ে ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে।
নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ সর্বোচ্চ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। এজন্য সাগর উত্তাল রয়েছে।
মৌসুমি নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, বরিশাল, চাঁদপুর, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠী, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং এসব জেলার নিম্নাঞ্চল ও অদূরবর্তী চর স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই থেকে চার ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
সন্ধ্যায় সরকারি এক তথ্য বিবেিরণত জানানো হয়, সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় উপকূলীয় জেলা ও উপজেলা প্রশাসনকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। দুর্যোগ পরিস্থিতিতে জনগণের সহায়তার জন্য প্রস্তুত রয়েছে প্রায় ৪৩ হাজার স্বেচ্ছাসেবক।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর বরগুনা প্রতিনিধি জানান, সাগরে উত্তাল ঢেউয়ের তোড়ে অন্তত পাঁচটি ট্রলার ডুবেছে। নিখোঁজ রয়েছে অর্ধশতাধিক। এসব ট্রলারের কয়েকশ জেলে রয়েছে নিখোঁজ।
জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, শুক্রবার সন্ধ্যায় ডুবোজাহাজ নামক স্থানে ১৩ জন জেলেসহ এফবি সাত ভাই চম্পা, ১৫ জন জেলেসহ এফবি সালাউদ্দিন হাফিজ ডুবে যায়। নারকেলবাড়িয়া এলাকায় ১০ জেলেসহ এফবি ভাই ভাই, ১১ জেলেসহ এফবি সেলিম ও পক্ষীদিয়া এলাকায় ১৩ জন জেলেসহ এফবি জান্নাত নামের মাছধরা ট্রলার ডুবে যায়।
এসব ট্রলারের ৬২ জন জেলের কাউকেই উদ্ধার করা যায়নি বলে গোলাম মোস্তফা জানান।
সাগর থেকে ফিরে আসা এফবি লাবনী ট্রলারের মাঝি সগির হোসেন বলেন, "ডুবো জাহাজ, নারকেলবাড়িয়া ও পক্ষীদিয়ায় জেলেদের হাবুডুবু খেতে দেখলেও ঢেউয়ের কারণে উদ্ধার করতে যেতে পারিনি। নিজেরা বেঁচে এসেছি। উদ্ধার করতে গেলে আমাদের ট্রলারও ডুবে যেতে পারত।"
জেলা ট্রলার শ্রমিক সমিতির সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবদুল মান্নান জানান, পাথরঘাটা মৎস্য বন্দরে কন্ট্রোল রুম খোলা হয়েছে। নিখোঁজ জেলেদের স্বজনরা সেখানে এসে আহাজারি করছে।
শনিবার দুপুরে জেলা প্রশাসক মো. আলতাফ হোসেন ও পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম খানের সভাপতিত্বে আলাদা দুটি প্রস্ততিমূলক সভা করা হয়েছে।
পাথরঘাটা ট্রলার মালিক সামিতির সভাপতি জানান, ঝড় কমলেই তারা উদ্ধার অভিযান শুরু করবেন।
পটুয়াখালী প্রতিনিধি জানান, শুক্রবার ঝড়ের কবলে পড়ে এফবি জাহাঙ্গীর ও এফবি ফেরদৌস নামে দুটি ট্রলার ডুবেছে। নিখোঁজ রয়েছে ১২টি ট্রলার।
১৪ জন জেলেসহ এফবি জাহাঙ্গীর ও ১০ জেলেসহ এফবি ফেরদৌস ট্রলারটি শুক্রবার সন্ধ্যায় ডুবে যায় বলে মহীপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র জানান।
তিনি জানান, শুক্রবার দুপুর থেকে আবহাওয়া বিরূপ হয়ে পড়লে প্রায় দুশ ট্রলার নিরাপদে ফিরে এলেও দেড় শতাধিক জেলেসহ ১২টি ট্রলার নিখোঁজ রয়েছে।
অভ্যন্তরীণ সব রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে পটুয়াখালী নৌবন্দর কর্তৃপক্ষ। স্বাভাবিকের চেয়ে চার/পাঁচ ফুট উঁচু জোয়ারে জেলার নিুাঞ্চল প্লাবিত হয়েছে। সাগরে দমকা ও ঝড়ো হাওয়া বইছে বলে জানায় ফিরে আসা জেলেরা।
জেলা প্রশাসক মীর মশিউর রহমানের সভাপতিত্বে শনিবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের সভা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী গলাচিপা, দশমিনা ও কলাপাড়া উপজেলার চরাঞ্চলে মাইকিং করে মাছধরা ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হচ্ছে।
ভোলা প্রতিনিধি জানান, চরফ্যাশন উপজেলার সোনারচর এলাকার সাগর মোহনায় তিনটি মাছধরা ট্রলার শনিবার ভোরে ডুবে যায়। এসব ট্রলারের ৩১ জেলে সাঁতরে কূলে উঠতে পারলেও ২১ জন এখনও নিখোঁজ রয়েছে বলে ট্রলারগুলোর মালিকরা জানায়।
ডুবে যাওয়া ট্রলার তিনটি হচ্ছে, এফ বি জোবায়ের, এফ বি আল মদিনা ও এফ বি সাজু।
এফ বি সাজুর মালিক ছিদ্দিক কোম্পানি জানান, তার ট্রলারের আট জন জেলে নিখোঁজ রয়েছেন। অন্যদিকে, আল মদিনার ১৩ জন জেলে নিখোঁজ রয়েছেন বলে জানান ওই ট্রলারের মালিক কামাল কোম্পানি।
কক্সবাজার প্রতিনিধি জানান, উত্তাল সাগরে ঢেউয়ের তোড়ে নৌকা ও ট্রলার মিলিয়ে পাঁচটি নৌযান ডুবির খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছে ৩০টি ট্রলার। তবে ট্রলার মালিকদের ধারণা, বৈরী আবহাওয়ায় এসব ট্রলার বিভিন্ন উপকূলে আশ্রয় নিয়েছে।
কক্সবাজার ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল ইসলাম নুরু বলেন, "৩০টির মতো ফিশিং ট্রলার এখনও নিখোঁজ। তাদের ভাগ্যে কী ঘটছে, তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। এসব ট্রলারে কয়েকশ জেলে রয়েছে।"
তিনি জানান, টেকনাফের সাবরাং এলাকার মো. কাশিমের মালিকানাধীন একটি ফিশিং ট্রলারের নিচের পাটাতন ফেটে গিয়ে সাগরে ডুবে যায়। এছাড়া মহেশখালী এলাকার দুটি ছোট নৌকা ডুবেছে। সোনাদিয়া উপকূলে ডুবে যায় চট্টগ্রামের একটি ফিশিং ট্রলার, উত্তর নুনিয়া ছড়া এলাকার শামসুল আলম কোম্পানির একটি ট্রলার ডুবে গেছে।
নিখোঁজ ট্রলারগুলোর কয়েকটির মালিক আবদুল হক কোম্পানি, হাফেজ আবুল কালাম ও টেকনাফের মো. হাশিম জানান, যেসব ট্রলার নিখোঁজ রয়েছে, তার অধিকাংশই হয়তো কক্সবাজারের বাইরে বিভিন্ন উপকূলে আশ্রয় নিয়েছে।
এদিকে কক্সবাজার থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ও মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন জানান, ট্রলারডুবির ঘটনায় তাদের থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।
বাগেরহাট প্রতিনিধি জানান, সুন্দরবনের হিরণ পয়েন্ট এলাকায় সকালে দুটি ট্রলারডুবির খবর পাওয়া গেছে। দুবলা ও কচিখালী এলাকা থেকে কোস্টগার্ড সদস্যরা ট্রলার দুটির ২০ জেলেকে উদ্ধার করে বলে জানান কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার ফয়েজ।
বৈরী আবহাওয়ার মধ্যেও মংলা বন্দরে জাহাজে মালামাল ওঠানামার কাজ শনিবার বিকেল পর্যন্ত স্বাভাবিক ছিল। বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন শরীফুল আহসান জানান, বন্দরে পাঁচটি জাহাজ অবস্থান করছে। সকালের পালা থেকে এই ৫টি জাহাজে আসা পাট, ইউরিয়া সার ও সিমেন্ট তৈরীর কাচামাল খালাসের কাজ স্বাভাবিক নিয়মে চলছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/এমআই/এসএনডি/২০৫৩ ঘ.
bdnews24