চাঁপাইনবাবগঞ্জ, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মজুরি বাড়ানোর দাবিতে শুরু হওয়া একটানা দর্জি ধর্মঘটের মুখে চাঁপাইনবাবগঞ্জে পোশাক তৈরির দোকানগুলো শনিবার দুপুর থেকে বন্ধ করে দিয়েছেন মালিকরা। তারা দর্জিদের মজুরি না বাড়ানোরও সিদ্ধান্ত নিয়েছেন।
ঈদ ও পূজা মৌসুমে দর্জি কারিগর সমিতি ও দর্জি মালিক সমিতির এ ধরনের পাল্টাপাল্টি কর্মসূচিতে বিপাকে পড়েছেন সাধারণ গ্রাহকরা।
মজুরি বাড়ানোর দাবিতে চাঁপাইনবাবগঞ্জ শহরের পৌর মডার্ন মার্কেট ও ক্লাব সুপার মার্কেটের সাতটি বড় পোশাক তৈরির দোকানের দর্জিরা শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন।
দর্জি দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিত সাহা জানান, কারিগরদের মজুরি বাড়ানোর দাবির পরিপ্রেক্ষিতে মালিক সমিতি মজুরি বাড়িয়ে একটি তালিকা প্রকাশ করে। কিন্তু কারিগর সমিতি এ তালিকা না মেনে কাজ বন্ধ করে দেয়।
তিনি বলেন, "অনাকাক্সিক্ষত পরিস্থিতির সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত দর্জি দোকান মালিক সমিতি সব টেইলার্স বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।"
এ বিষয়ে দর্জি কারিগর সমিতির সহ-সভাপতি মো. মাহবুব বলেন, "আমরা কোনো অন্যায় আবেদন করিনি। দ্রব্যমূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আমরা মজুরি বাড়ানোর প্রস্তাব করেছি এবং শান্তিপূর্ণভাবে ধর্মঘট কর্মসূচি পালন করছি।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/২০১১ ঘ.
bdnews24