২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মজুরি বাড়ানোর দাবিতে চাঁপাইনবাবগঞ্জে দর্জি কারিগরদের ধর্মঘট

সেলাইয়ের মজুরি বাড়ানোর দাবিতে চাঁপাইনবাবগঞ্জ শহরের দর্জি কারিগররা শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকাল ধর্মঘট শুরু করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2007, 04:22 PM

Updated : 26 Aug 2022, 08:39 PM

চাঁপাইনবাবগঞ্জ, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সেলাইয়ের মজুরি বাড়ানোর দাবিতে চাঁপাইনবাবগঞ্জ শহরের দর্জি কারিগররা শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকাল ধর্মঘট শুরু করেছেন। চাঁপাইনবাবগঞ্জ দর্জি কারিগর সমিতির সভাপতি তোজাম্মেল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "জিনিসপত্রের দাম বাড়তে থাকায় পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে বারবার দর্জি মালিকদের মজুরি বাড়ানোর কথা বলা হলেও তারা মজুরি বাড়ানোর বিষয়টি গোচরে না নেওয়ায় আমরা ধর্মঘটে যেতে বাধ্য হয়েছি।" তিনি জানান, ঈদ ও পূজা মৌসুমে খদ্দেরদের কথা বিবেচনায় রেখে শহরের সাতটি বড় টেইলার্সের কারিগররা ধর্মঘট পালন করছে। দাবি মানা না হলে শহরের ৮০/৯০ টি দোকানের সব কারিগর শনিবার থেকে ধর্মঘটে যোগ দেবেন। দর্জি মালিক সমিতির সাধারণ সম্পাদক ও সানমুন টেইলার্সের মালিক বিশ্বজিত সাহা বিডিনিউজকে জানান, ইতোমধ্যে কারিগরদের দাবির পরিপ্রেক্ষিতে পোশাক প্রতি ২ থেকে ১০ টাকা হারে মজুরি বাড়ানো হয়েছে। কিন্তু তাতেও তারা সন্তুষ্ট নয়। তিনি বলেন, "এই পরিস্থিতিতে মজুরি বাড়ালে খদ্দেরদের উপর চাপ পড়বে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২২১৫ ঘ.