২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলপিন বন্ধ, প্রকাশককে কারণ দর্শানোর নির্দেশ

কথিত আপত্তিকর কার্টুন প্রকাশের অভিযোগে বৃহস্পতিবার প্রথম আলোর প্রকাশককে কারণ দর্শানোর এবং পত্রিকাটির রম্য সাময়িকী আলপিনের প্রকাশনা সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছে আদালত। একই দিন পত্রিকাটির সম্পাদক মতিউর রহমান, প্রকাশক মাহফুজ আনাম ও কার্টুনিস্ট আরিফুর রহমানের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানহানির অভিযোগে চট্টগ্রাম ও কুমিল্লায় দুটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2007, 04:27 PM

Updated : 26 Aug 2022, 08:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কথিত আপত্তিকর কার্টুন প্রকাশের অভিযোগে বৃহস্পতিবার প্রথম আলোর প্রকাশককে কারণ দর্শানোর এবং পত্রিকাটির রম্য সাময়িকী আলপিনের প্রকাশনা সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছে আদালত। একই দিন পত্রিকাটির সম্পাদক মতিউর রহমান, প্রকাশক মাহফুজ আনাম ও কার্টুনিস্ট আরিফুর রহমানের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানহানির অভিযোগে চট্টগ্রাম ও কুমিল্লায় দুটি মামলা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সম্পাদক দুঃখ প্রকাশ করায় শুক্রবার কোন কর্মসূচি না দিচ্ছে না ইসলামী নেতারা। তবে পত্রিকার প্রকাশনা বাতিল ও সম্পাদক-প্রকাশককে গ্রেপ্তারের দাবি থেকে তারা সরে যাননি। আলপিনের প্রকাশনা বন্ধ বৃহস্পতিবার সরকারি এক তথ্য বিবরণীতে বলা হয়, "ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট এক আদেশে পত্রিকার সম্পাদককে জানিয়েছেন, আপত্তিকর বিষয় ছাপানোয় ১৯৭৩ সালের ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধন) আইনের ২০ এর উপধারা (ঙ) (১) (২) লঙ্ঘিত হয়েছে। "এ অবস্থায় দৈনিক প্রথম আলোর সাময়িকী আলপিন কেন নিষিদ্ধ করা হবে না এবং প্রকাশকের বিরুদ্ধে আইনানুগ অন্যান্য কার্যক্রম নেওয়া হবে না এর কারণ দর্শাতে বলা হয়েছে। "বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দৈনিক প্রথম আলোর সাময়িকী আলপিনের প্রকাশনা বন্ধ রাখার জন্যও আদেশে বলা হয়েছে।" প্রথম আলোকে 'ক্ষমা' একই দিন সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রথম আলোর সম্পাদক উপস্থিত ইসলামী নেতাদের কাছে কার্টুনটির জন্য দুঃখ প্রকাশ করেছেন। তার দুঃখ প্রকাশের পরিপ্রেক্ষিতে শুক্রবার কার্টুনের প্রতিবাদে কোন কর্মসূচি না দেওয়ার কথা জানিয়েছে ধর্মীয় নেতারা। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে সে ব্যাপারে সম্পাদক মতিউর রহমানকে সতর্ক করে দিয়েছেন। তবে পত্রিকাটির প্রকাশনা বন্ধ এবং সম্পাদক-প্রকাশককে গ্রেপ্তারের দাবি থেকে নেতারা সরে যাননি। ইফতারে উপস্থিতদের একজন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা উবায়দুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "মতিউর রহমান সাহেব নিজে দুঃখ প্রকাশ ও ক্ষমা চেয়েছেন। কেউ ভুল স্বীকার করে ক্ষমা চাইলে ক্ষমা করতে হয়। এটাই ইসলামের নিয়ম। এ কারণে আমরা শুক্রবারে কোনো কর্মসূচি দিচ্ছি না।" খতিব আরো বলেন, "ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সে ব্যাপারে আমরা প্রথম আলোর সম্পাদক সাহেবকে সর্তক করে দিয়েছি। সম্পাদক সাহেব আমাদের কাছে ওয়াদা করেছেন, ইসলাম ও রসুলকে (সা.) নিয়ে উস্কানিমূলক বা অবমাননাকর কিছু তার পত্রিকায় ছাপা হবে না।" ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আমরা শুক্রবার কোনো কর্মসূচি দিচ্ছি না। তবে প্রথম আলোর প্রকাশনা বাতিল ও সম্পাদক-প্রকাশককে গ্রেপ্তারের দাবি থেকে আমরা সরে আসিনি।" সম্পাদক-প্রকাশক ও কার্টুনিস্টের বিরুদ্ধে মামলা কার্টুন প্রদায়ক আরিফুর রহমানের বিরুদ্ধে বৃহস্পতিবার ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতে একটি মামলা হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানে আলম খান হাকিম রোকনউদ্দৌলার আদালতে এ মামলা দায়ের করেন। রাতে সরকারের এক তথ্য বিবরণীতে বলা হয়, "দৈনিক প্রথম আলোর রম্য ম্যাগাজিন 'আলপিনে' বিতর্কিত কার্টুন প্রকাশের ঘটনায় ১৮৬০ সালের দণ্ডবিধির ২৯৫/এ ধারা ভঙ্গ করা হয়েছে। এ কারণে ওই কার্টুনিস্টের বিরুদ্ধে মামলা করার জন্য ফৌজদারি কার্যবিধির ১৯৬ ধারা অনুযায়ী তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় ক্ষমতা দেওয়া হয়েছে।" হাকিম রোকনউদ্দৌলা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "দণ্ডবিধির ২৯৫/এ ধারায় মামলাটি গ্রহণ করা হয়েছে। আসামিকে এ মামলায় গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হলেও পুলিশ জানিয়েছে, তেজগাঁও থানার একটি সাধারণ এজাহারের ভিত্তিতে অভিযুক্তকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে।" পুলিশ গত ১৮ সেপ্টেম্বর আরিফুর রহমানকে উত্তরায় তার বাসা থেকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। আমাদের চট্টগ্রাম অফিস জানায়, চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে প্রথম আলোর সম্পাদক, প্রকাশক ও কার্টুনিস্টের বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা করেন পটিয়া আল জামেয়া আল ইসলাম মাদ্রাসার প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ রেজা। মামলার আবেদনে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ থাকলেও এর জন্য নির্ধারিত ধারায় মামলার অনুমতি দেওয়ার জন্য বাদী আদালতের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছেন। মহানগর হাকিম আমিনুল আহসান মামলা গ্রহণ করে আগামী ৩০ সেপ্টেম্বর এ বিষয়ে আদেশের দিন ধার্য করেন। কুমিল্লা প্রতিনিধি জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানহানির অভিযোগে কুমিল্লা জেলার আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট এস এম আলী আজাদ পত্রিকাটির সম্পাদক, প্রকাশক ও কার্টুনিস্টের বিরুদ্ধে মামলা করেন। নালিশি আদালত- ১ এর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার মামলা গ্রহণ করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/জিএনএ/০১১১ ঘ.