ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--আয়কর বিবরণীতে মিথ্যা তথ্য ও সম্পত্তি গোপন করে কর ফাঁকির অপরাধে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য এ টি এম সারোয়ার হোসেনকে ৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
একই সঙ্গে তাকে ১ কোটি ২০ লাখ টাকা জরিমানা ও তা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তার ৪ কোটি ৩১ লাখ ৯০ হাজার ১০৬ টাকা বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে ্।
সারোয়ার হোসেনে অনুপস্থিতিতে এ রায় দেয়া হয়। আসামির আত্মসমর্পণ অথবা গ্রেপ্তারের দিন থেকে এ সাজা কার্যকর হবে।
বৃহস্পতিবার সকাল ১১টায় বিশেষ জজ আদালত-২ এর বিচারক অমর কুমার রায় এ রায় ঘোষণা করেন।
দুইটি ধারায় দেওয়া এ সাজা একত্রে কার্যকর হওয়ায় আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।
সারোয়ার হোসেনকে ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের দুইটি পৃথক ধারায় এ সাজা দেওয়া হয়। এর মধ্যে একটি ধারায় সম্পত্তি গোপন করায় তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড, ১ কোটি ২০লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আয়কর বিবরণীতে মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে দেওয়া হয় ৩ বছরের কারাদণ্ড।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট শামিম আহসান হাবিব। অন্যদিকে আসামি পলাকত থাকায় তার পক্ষে কোনো আইনজীবী নিয়োগ করা হয়নি।
গত ১৫ আগস্ট সারোয়ার হোসেনের বিরুদ্ধে এনবিআরের উপ-কর কমিশনার রবিউল হাসান প্রধান বাদি হয়ে ঢাকার সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হকের আদালতে মামলাটি দায়ের করেন। পরে মামলাটি বিচারের জন্য বিশেষ জজ আদালতে পাঠানো হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, আসামি ২০০০-২০০১ করবর্ষ থেকে ২০০৬-২০০৭ করবর্ষ পর্যন্ত ৪ কোটি ৩১ লাখ ৯০ হাজার ১০৬ টাকার সম্পত্তির তথ্য গোপন করে এর ওপর প্রযোজ্য কর ফাঁকি দিয়েছেন।
গত ১৩ সেপ্টেম্বর এ মামলার অভিযোগ গঠন করা হয়। সাক্ষ্য নেওয়া শেষ হয় ১৭ সেপ্টেম্বর। রাষ্ট্রপক্ষে মোট পাঁচ জন এ মামলায় সাক্ষ্য দেন।
১৮ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের পর বিচারক রায় দেওয়ার জন্য দিন ধার্য করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/১২১১ঘ.
bdnews24