ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ফৌজদারি মামলা বিচারাধীন থাকায় নওগাঁ ও পাবনার ঈশ্বরদী পৌর চেয়ারম্যানকে বরখাস্ত এবং মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয় "ফৌজদারি মামলায় বিচারাধীন থাকায় সরকার 'দি পৌরসভা অর্ডিন্যান্স, ১৯৭৭' এর ১৩৬ (১) ধারা অনুযায়ী নওগাঁ পৌরসভার চেয়ারম্যান আবুল কাশেম আকন্দ ও পাবনার ঈশ্বরদী পৌরসভার চেয়ারম্যান মোখলেছুর রহমান বাবলুকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া একই অধ্যাদেশের ১৩ (১) (বি) ধারা অনুযায়ী মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার চেয়ারম্যান হাছিন আফরোজ চৌধুরীকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়েছে।"
এর আগে ফৌজদারি মামলা, দুর্নীতি, অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যাবহার, নারী নির্যাতন, অবৈধভাবে বিদেশ গমন এবং তিনের অধিক সভায় অনুপস্থিত থাকার অভিযোগে ২৫ পৌরসভা চেয়ারম্যান, ১৯ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ১১ জন সদস্যকে অপসারণ, সাময়িক বরখাস্ত ও তাদের পদ শূন্য ঘোষণা করা হয়েছিলো। সদস্যদের মধ্যে তিনের অধিক সভায় অনুপস্থিত থাকার জন্য ৬ জন এবং অবৈধভাবে বিদেশ চলে যাওয়ার জন্য ৫ জনের পদ শূন্য ঘোষণা করা হয়।
বিডিনিউজ টুৃয়েন্টিফোর ডটকম/এএইচডি/জিএমএ/এএল/এমএ/১৬৩১ ঘ.
bdnews24