২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ আত্মসাতের অভিযোগে বাগেরহাটে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় ইউনিয়ন বিএনপি সভাপতি মাওলানা আব্দুল খালেককে বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2007, 09:35 AM

Updated : 26 Aug 2022, 08:39 PM

বাগেরহাট, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় ইউনিয়ন বিএনপি সভাপতি মাওলানা আব্দুল খালেককে বরখাস্ত করা হয়েছে। দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি, অর্থ আত্মসাৎ, সন্ত্রাস সৃষ্টির বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বুধবার তাকে বরখাস্ত করার আদেশ দেন। ইউনিয়নের ১ নং ওয়ার্ড মেম্বর আলী আকবর শেখকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণকান্ত বিশ্বাস জানান, চেয়ারম্যান আব্দুল খালেক ইউনিয়ন পরিষদের ভূমি হস্তান্তর করের শতকরা এক টাকা হিসাবে পাওয়া চার লাখ ৭৩ হাজার ৯০৩ টাকা পরিষদের ব্যাঙ্ক হিসাবে জমা না দিয়ে অনিয়ম করেছেন। তিনি ওই টাকার মধ্য থেকে বিভিন্ন সাঁকো ও পোল মেরামতের নামে দুই লাখ ৪২ হাজার ৮১২ টাকা আত্মসাৎ করেন। এছাড়া তিনি ২০০৫-০৬ অর্থবছরে এডিপির টাকায় বাস্তবায়িত সেনিটারি রিং বিতরণ প্রকল্পে ৩৫ হাজার আটশ টাকা আত্মসাৎ করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন, তদন্তে দেখা গেছে, আব্দুল খালেক সঠিকভাবে পরিষদের সভা আহ্বান করেননি। তিনি সদস্যদের স্বাক্ষর গ্রহণ ও রেজুলেশন লেখায় অনিয়ম করেছেন এবং বিভিন্ন সময়ে এডিপির প্রকল্প নির্বাচন সংক্রান্ত নীতিমালা লঙ্ঘন করেছেন। তা ছাড়া ছেলেসহ তার বিরুদ্ধে সরকারি খালে বাঁধ দিয়ে চিংড়ি চাষ করার অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে। এ বিষয়ে মাওলানা আব্দুল খালেকের সঙ্গে বৃহস্পতিবার মোবাইল ফোনে কথা বলা হলে তিনি জানান, আদালতের মাধ্যমে অভিযোগের জবাব দেওয়া হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৫৩৫ ঘ.