২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম আলো-র কার্টুনের ব্যাপারে সহনশীলতার অনুরোধ জানালেন সম্পাদকরা

দৈনিক প্রথম আলোর রম্য সাময়িকী আলপিনে সোমবার প্রকাশিত কার্টুনটি 'অসাবধানতাবশত' প্রকাশিত হয়েছে উল্লেখ করে এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সহনশীলতা প্রদর্শন ও ধৈর্য্যধারণের আহবান জানিয়েছেন দেশের প্রধান কয়েকটি জাতীয় দৈনিকের সম্পাদকরা। লিখিত এক যৌথ বিবৃতিতে সম্পাদকরা প্রথম আলো কর্তৃপক্ষের ভুল স্বীকার করে দু:খ প্রকাশ ও ক্ষমা প্রার্থনার কথা উল্লেখ করে আশা প্রকাশ করেন যে, এ পর্যন্ত গৃহীত বিভিন্ন পদক্ষেপের পর সবাই আশ্বস্ত হবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2007, 08:34 AM

Updated : 26 Aug 2022, 08:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--দৈনিক প্রথম আলোর রম্য সাময়িকী আলপিনে সোমবার প্রকাশিত কার্টুনটি 'অসাবধানতাবশত' প্রকাশিত হয়েছে উল্লেখ করে এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সহনশীলতা প্রদর্শন ও ধৈর্য্যধারণের আহবান জানিয়েছেন দেশের প্রধান কয়েকটি জাতীয় দৈনিকের সম্পাদকরা। লিখিত এক যৌথ বিবৃতিতে সম্পাদকরা প্রথম আলো কর্তৃপক্ষের ভুল স্বীকার করে দু:খ প্রকাশ ও ক্ষমা প্রার্থনার কথা উল্লেখ করে আশা প্রকাশ করেন যে, এ পর্যন্ত গৃহীত বিভিন্ন পদক্ষেপের পর সবাই আশ্বস্ত হবেন। বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে বিবেচনা করার জন্য তারা আলেম সমাজের প্রতি আবেদন জানান। বৃহস্পতিবার সকালে আইন মন্ত্রণালয়ে আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুলের সঙ্গে পৃথকভাবে বৈঠক শেষে সম্পাদকরা লিখিত এ যৌথ বিবৃতি প্রকাশ করেন। উপস্থিত সাংবাদিকদের বিবৃতিটি পাঠ করে শোনান যুগান্তরের সম্পাদক গোলাম সারোয়ার। এর আগে সম্পাদকরা একটি বৈঠক করেন। বিবৃতিতে তারা আরও বলেছেন, "প্রথম আলোর ম্যাগাজিন আলপিনে কার্টুন প্রকাশের ঘটনাটি দুঃখজনক, এতে ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে।.. আমরা বিশ্বাস করি প্রথম আলো ধর্মীয় অনুভূতির উপর বিশ্বাসী। অসাবধানতাবশত কার্টুনটি ছাপা হয়ে যাওয়ায় প্রথম আলো কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে আলপিনের দায়িত্বরত সম্পাদককে অপসারণ এবং শিল্পী আরিফুর রহমানের আর কোন লেখা বা চিত্র প্রথম আলোয় প্রকাশ না করার ঘোষণা দিয়েছেন।" ভবিষ্যতে যেন এ ধরনের আর ভুল না হয় সে ব্যাপারে প্রথম আলো কর্তৃপক্ষকেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। এ ব্যাপারে ব্যারিস্টার মইনুল হোসেন সাংবাদিকদের সঙ্গে কোন কথা বলেননি। আইন ও তথ্য উপদেষ্টার সঙ্গে যেসব দৈনিকের সম্পাদকরা বৈঠক করেন তারা হলেন, যুগান্তরের গোলাম সারোয়ার, সংবাদের বজলুর রহমান, মানবজমিনের মতিউর রহমান চৌধুরী, ইন্ডিপেন্ডেন্টের মাহবুবুল আলম, নিউজ টুডের রিয়াজউদ্দিন আহমেদ, ইত্তেফাকের রাহাত খান, আমার দেশের আমানউল্লাহ কবির, বাংলাদেশ অবজারভারের ইকবাল সোবহান চৌধুরী, দিনকালের আমিনুর রহমান সরকার এবং নয়াদিগন্তের আলমগীর মহিউদ্দিন। তবে দিনকাল এবং নয়াদিগন্তের সম্পাদক এ বিবৃতিতে স্বাক্ষর করেননি। যুগান্তর সম্পাদক গোলাম সারওয়ার এ ব্যাপারে বলেন দিনকাল এবং নয়াদিগন্তের সম্পাদক এ ব্যাপারে একমত বলে জানিয়েছেন এবং বৈঠক থেকে আগে চলে যাওয়ায় এতে তাদের স্বাক্ষর করা হয়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এসকে/১৪২৪ঘ.