ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রথম আলোয় প্রকাশিত 'বিতর্কিত কার্টুন'কে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখছে সরকার। এ ঘটনাকে কেন্দ্র করে যাতে অস্থিতিশীলতা ছড়িয়ে না পড়ে তার ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
গ্রেপ্তার হওয়া কার্টুনিস্ট আরিফুর রহমানকে বুধবার দুপুরের পর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের কোর্ট হাজতে নেওয়া হলেও তাকে এজলাসে তোলা হয়নি। পরিবার বা প্রথম আলো কর্তৃপক্ষ তার পক্ষে কোনো আইনজীবী নিয়োগ না করায় আদালতে কোনো শুনানি হয়নি। পরে হাকিম এবিএম আব্দুল ফাত্তাহ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে, ঘটনার প্রতিবাদে বুধবার বায়তুল মোকারম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ-সমাবেশ কর্মসূচি পালন করেছে হিযবুত তাহরীর বাংলাদেশ এর কর্মীরা।
আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বুধবার সন্ধ্যায় টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন বলেন, "প্রথম আলোকে কেন্দ্র করে ঘটে যাওয়া পুরো বিষয়টি প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে। আমি নিজেও আলাদাভাবে বিষয়টি তাকে জানিয়েছি।"
তিনি বলেন, "কার্টুন প্রকাশকে কেন্দ্র করে প্রথম আলোর বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সরকার বিষয়টি নিয়ে আরও আলোচনা করবে।"
আইন উপদেষ্টা বলেন, মঙ্গলবার ধর্মীয় নেতাদের সঙ্গে তার বৈঠকের বিষয়বস্তু প্রধান উপদেষ্টা জানানো হয়েছে। ঘটনাটি যেন ছড়িয়ে না পড়ে সেদিকে সতর্ক দৃষ্টি রাখার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
এদিকে, কার্টুনিস্ট আরিফুর রহমানকে বুধবার বেলা ৩টার দিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের কোর্ট হাজতে নেওয়ার পর হাকিম এবিএম আব্দুল ফাত্তাহ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আরিফুরকে এজলাসে তোলা হয়নি।
৫৪ ধারায় গ্রেপ্তার করা হলেও তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে আটকাদেশের প্রস্তাব করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অবশ্য আরিফুরের বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি।
পরিবার বা প্রথম আলো কর্তৃপক্ষ কোনো আইনজীবী নিয়োগ না করায় আদালতে নেওয়ার পর এজলাসে আরিফুরের পক্ষে কোনো শুনানি হয়নি। ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে ওই সময় উপস্থিত আইনজীবী কাইয়ূমুজ্জামান মোল্লা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাকে যদি তার পরিবারের কেউ ওকালতনামা দিতেন তাহলে তার পক্ষে দাঁড়াতে পারতাম। সংবিধানে সব অপরাধী বা আসামির আত্মপক্ষ সমর্থনের অধিকার আছে।"
এ বিষয়ে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম আমিন উদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "কোনো আইনজীবী নিয়োগ না হলে আসামিকেই আত্মপক্ষ সমর্থন করতে হবে।"
তিনি বলেন, আইনানুযায়ী ম্যাজিস্ট্রেটের সামনে অভিযুক্তকে উপস্থাপন করতে হয়। জরুরি ক্ষমতা বিধিমালা বা অন্য কোনো আইনে এ বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যন্ড পিস ফর বাংলাদেশ এর কর্মকর্তারা বলেছেন, আরিফুরের পক্ষে কেউ আইনজীবী নিয়োগ না করলে তারা নিজেরাই এ বিষয়ে উদ্যোগ নেবেন। সংগঠনের সভাপতি সুপ্রিমকোর্টের অ্যাডভোকেট মনজিল মোরসেদ জানান, ওকালতনামায় স্বাক্ষর করে আইনজীবী নিয়োগ করা না হলে তার পক্ষে কেউ দাঁড়াতে পারবে না। এক্ষেত্রে তার সংগঠন আরিফুরকে আইনি সহায়তা দিতে এগিয়ে আসবে।
এদিকে, প্রথম আলোয় 'বিতর্কিত কার্টুন' প্রকাশের প্রতিবাদে বুধবার বাদ আছর হিযবুত তাহরীর বাংলাদেশ এর সদস্যরা বায়তুল মোকারম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ-সমাবেশ কর্মসূচি পালন এবং প্রথম আলোর কপিতে অগ্নিসংযোগ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার আছরের নামাজ শেষে হিযবুত তাহরীরের কয়েকশ সদস্য বায়তুল মোকারম মসজিদের উত্তর গেটের ভেতর সমবেত হয়। তারা মিছিল নিয়ে ফটকের বাইরে বের হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। কিন্তু এক পর্যায়ে হিযবুত তাহরীর সদস্যরা পুলিশি বাধা অতিক্রম করে মিছিল নিয়ে ওভারব্রিজের কাছে গিয়ে আবার বায়তুল মোকারমের গেটে ফিরে এসে সমাবেশ করে। এ সময় সেখানে প্রথম আলোর কয়েকটি কপিতে অগ্নিসংযোগ করা হয়।
দলের যুগ্ম সমন্বয়কারী কাজী মোরশেদুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, গণসংযোগ সচিব মাওলানা মামুনূর রশীদ, প্রচার সচিব মুস্তাফা মিনহাজ ও কেন্দ্রীয় কমিটির সদস্য আহম্মেদ জামাল ইকবাল। তারা ধর্মীয় অনূভুতিতে আঘাত করার অপরাধে প্রথম আলোর প্রকাশনা বাতিল ও এর সম্পাদক-প্রকাশককে গ্রেপ্তারের দাবি জানান।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদউদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "জরুরি অবস্থার মধ্যে সব ধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধ থাকায় আমরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু এটি ধর্মীয় স্পর্শকাতর বিষয় হওয়ায় শেষ পর্যন্ত আমরা কিছুটা নমনীয় অবস্থান নেই।"
দৈনিক প্রথম আলোর রম্য সাময়িকী আলপিনে 'নাম' শিরোনামে সোমবার একটি 'বিতর্কিত কার্টুন' প্রকাশিত হয়। এ ঘটনায় কার্টুনিস্ট আরিফুর রহমানকে মঙ্গলবার দুপুরে গোয়েন্দা পুলিশ উত্তরার বাসা থেকে আটক করে তেজগাঁও থানায় সোপর্দ করে।
'প্রথম আলো' কর্তৃপক্ষ অসাবধানতাবশত এই কার্টুন প্রকাশের জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করে কার্টুন কাহিনীটি প্রত্যাহার করে নিয়েছে। পত্রিকাটি ওই সাময়িকীর সম্পাদনার জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মীকে চাকরি থেকে অপসারণও করেছে কর্তৃপক্ষ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি/ইএইচবি/পিবি/এএনএস/এমআইএম/এসএনডি/এমএ/২১৫৫ ঘ.
bdnews24