সিলেট, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক সাংসদ সুলতান মোহাম্মদ মনসুর আহমদের বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আবু ইউসুফ মোহাম্মদ ইয়াকুব শরীফ বুধবার মারা গেছেন। তার বয়স হয়েছিলো ৮৫ বছর।
ভোর সাড়ে ৪টার দিকে নগরীর রয়েল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
বৃহস্পতিবার জোহরের নামাজ শেষে শাহজালাল মাজার জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে মাজার কবরস্তানে ইয়াকুব শরীফকে দাফন করা হবে বলে তার পরিবার জানায়।
ইয়াকুব শরীফের মৃত্যুতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য দেওয়ান ফরিদ গাজী, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সাবেক সাংসদ নূরুল ইসলাম নাহিদ, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতারা পৃথক বিবৃতিতে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৫৬ ঘ.
bdnews24