২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র্যাক কর্মীর উদ্ধারে মার্কিন সহায়তা চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরী অপহৃত ব্র্যাককর্মী নুরুল ইসলামকে উদ্ধারে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছেন। সফররত যুক্তরাষ্ট্রের উপ-সহকারি পররাষ্ট্র সচিব জন গ্যাস্টরাইট বুধবার দুপুরে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে পররাষ্ট্র উপদেষ্টা এব্যাপারে সহযোগিতা চান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2007, 11:55 AM

Updated : 26 Aug 2022, 08:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরী অপহৃত ব্র্যাককর্মী নুরুল ইসলামকে উদ্ধারে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছেন। সফররত যুক্তরাষ্ট্রের উপ-সহকারি পররাষ্ট্র সচিব জন গ্যাস্টরাইট বুধবার দুপুরে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে পররাষ্ট্র উপদেষ্টা এব্যাপারে সহযোগিতা চান। পরে পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন,'' আমি আমেরিকান কর্তৃপক্ষকে অনুরোধ করেছি, সম্ভব হলে তারা যেন ব্র্যাকের অপহৃত কর্মকর্তা নুরুল ইসলামের মুক্তির ব্যবস্থা করেন।'' তিনি আরো বলেন, '' আমি নুরুল ইসলামের মুক্তির ব্যাপারে পাকিস্তান ও আফগানিস্তান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি। এখন আমেরিকানদের সঙ্গে কথা বললাম।'' ড. ইফতেখার আশা প্রকাশ করে বলেন,'' অপহরণকারীরা পবিত্র রমজান মাসে নুরুল ইসলামের পরিবারের সদস্যদের দুর্দশা বাড়াবেন না।'' এদিকে ব্র্যাকের অপহৃত কর্মীর উদ্ধার প্রচেষ্টা তদারকি করতে বুধবার সকালে কাবুল রওয়ানা হয়েছেন প্রোগ্রাম অফিসার জালাল উদ্দিন আহমেদ। পেশোয়ার হয়ে তিনি বৃহস্পতিবার কাবুল পৌঁছবেন। ব্র্যাকের জনসংযোগ বিভাগের পরিচালক এম আনোয়ারুল হক মঙ্গলবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "উদ্ধারকাজ পর্যবেক্ষণের জন্য ব্র্যাক কর্মকর্তা জালাল উদ্দিন আহমেদ কাবুল গেছেন। আমরা এখনো অপহৃত কর্মীর সর্ম্পকে কোনো তথ্য পাইনি। কাবুল সরকার ও সেখানকার আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। উদ্ধারের চেষ্টা চলছে, কম্বিং অপারেশনও হচ্ছে। '' আনোয়ারুল হক জানান, ব্র্যাকের চেয়ারপার্সন ও প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ নুরুল ইসলামকে অপহরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অপহরণকারীদের প্রতি তাকে মুক্তি দেওয়ার আবেদন জানিয়েছেন। অপহৃত ব্র্যাক কর্মকর্তাকে উদ্ধারের জন্য রোববার থেকে আফগানিস্তানে বিশেষ অভিযান শুরু হয়। এ পর্যন্ত অপহরণ ঘটনায় জড়িত সন্দেহে মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের ভেতর এক জন ব্র্যাকের লোগার প্রদেশ কার্যালয়ের প্রহরী ও বাকি দুজন পার্শ্ববর্তী এলাকার অধিবাসী। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তালিবান কর্মকর্তারা সোমবার এক টেলিভিশন বিবৃতিতে ব্র্যাক কর্মী অপহরণ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছে। বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটির (ব্র্যাক) কর্মকর্তা নুরুল ইসলামকে শনিবার দুপুরে লোগার প্রদেশের কার্যালয় থেকে অপহরণ করা হয়। এ সময় বন্দুকধারীরা ৩০ হাজার আফগান মুদ্রা লুট করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসএম/এসকে/১৭৪৫ঘ.