ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা বৈদেশিক মুদ্রা অবৈধভাবে রাখা সংক্রান্ত মামলার রায় আগামী ৪ অক্টোবর ঘোষণা করা হবে।
বুধবার এ মামলার শুনানি শেষে ঢাকার ৯ নম্বর মহানগর বিশেষ ট্রাইবুনালের বিচারক সৈয়দ জাহেদ মনসুর এ আদেশ দেন। হারিছ চৌধুরী বর্তমানে পলাতক রয়েছেন।
যৌথবাহিনীর সদস্যরা গত ৪ ফেব্র"য়ারি গভীর রাতে হারিছ চৌধুরীর গুলশানের বাসায় অভিযান চালিয়ে ২ হাজার ৬০০ মার্কিন ডলার, ৮৬৫ পাউন্ড, ৬০০ সিঙ্গাপুরি ডলার উদ্ধার করে। এরপর গত ৯ এপ্রিল হারিছ চৌধুরীর বিরুদ্ধে গুলশান থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন উপ-পরিদর্শক বাবুল হোসেন।
এদিকে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে অস্ত্র মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ অব্যাহত রয়েছে।
ঢাকার ৯ নম্বর মহানগর বিশেষ ট্রাইবুনালের বিচারক সৈয়দ জাহেদ মনসুর রোববার বাবরের উপস্থিতিতে উপ-পরিদর্শক কবির হোসেনের সাক্ষ্য নিয়ে আগামি ২৬ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এমএআর/এমএ/১৭৪৬ ঘ.
bdnews24