ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানে বন্দুকধারীদের গুলিতে নিহত ব্র্যাক কর্মকর্তা আবদুল আলীমের (৩৭) লাশ বুধবার টাঙ্গাইলে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।
বুধবার ব্র্যাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এর আগে বেলা ১১টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে কাবুল থেকে তার লাশ জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দরে পৌঁছায়। ব্র্যাক কর্মকর্তা ও নিহতের স্বজনরা লাশ গ্রহণ করেন। বিমান বন্দর থেকে লাশ সরাসরি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগড় গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে আসরের নামাজের পর জানাজা শেষে তাকে দাফন করা হয়।
গত ১২ সেপ্টেম্বর দুই আফগান বন্দুকধারী বাদাকশান প্রদেশের ব্র্যাক কার্যালয়ে ঢুকে আবদুল আলীমকে গুলি করে হত্যা করে।
তিনি ১৯৯৬ সালে ব্র্যাকে যোগ দেন এবং ২০০৫ সালের ১৬ নভেম্বর ক্ষুদ্রঋণ কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপকের দায়িত্ব নিয়ে আফগানিস্তানে যান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএ/জেকে/এমএ/১৬৩৫ ঘ.
bdnews24