২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা ও কোকোর মামলা জরুরি বিধিমালায় অন্তর্ভুক্তির সিদ্ধান্তে

খালেদা জিয়া ও তার ছোট ছেলে আরাফার রহমান কোকোর বিরুদ্ধে দায়ের করা মামলাটি জরুরি বিধিমালায় অন্তর্ভুক্তির দুর্নীতি দমন কমিশনের সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন খালেদা জিয়ার আইনজীবীরা। কমিশনের এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে তারা উচ্চতর আদালতে রিট করবেন বলেও জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2007, 09:54 AM

Updated : 26 Aug 2022, 08:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - খালেদা জিয়া ও তার ছোট ছেলে আরাফার রহমান কোকোর বিরুদ্ধে দায়ের করা মামলাটি জরুরি বিধিমালায় অন্তর্ভুক্তির দুর্নীতি দমন কমিশনের সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন খালেদা জিয়ার আইনজীবীরা। বুধবার দুপুরে পুরানা পল্টনের ইব্রাহিম ম্যানশনে খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট আহমেদ আজম খান সাংবাদিকদের বলেন, "দুর্নীতি দমন কমিশনের এ সিদ্ধান্তে আমরা মর্মাহত ও উদ্বিগ্ন। সাবেক প্রধানমন্ত্রীর গ্রেপ্তারের ১৬দিন পর দুর্নীতি দমন কমিশনের সচিব সাধারণ মামলাটি জরুরি বিধিমামলায় আনার কথা কেন বলেছেন তা বোধগম্য নয়।" কমিশনের এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে তারা উচ্চতর আদালতে রিট করবেন বলেও জানান। সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় খালেদা জিয়ার অন্য দুই আইনজীবী অ্যাডভোকেট সামসুর রহমান শিমুল বিশ্বাস ও মঞ্জুর হোসেন পাটোয়ারী উপস্থিত ছিলেন। এ সময় খালেদা জিয়ার আইনজীবীরা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব তারেক রহমানের বিরুদ্ধেও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ থাকার অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশন মামলার প্রস্তুতি নেওয়ার খবরেও উদ্বেগ প্রকাশ করেন। আহমেদ আজম খান বলেন, "তারেক রহমান কমিশনের কাছে যে সম্পদের বিবরণী জমা দিয়েছেন তার বাইরে দেশে বিদেশে কোনো সম্পদ নেই। অথচ আমরা জানতে পেরেছি দৈনিক দিনকালের মালিকানা নিয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের হতে পারে। আইনজীবী হিসেবে আমরা স্পষ্টভাবে জানাতে চাই দৈনিক দিনকালের মালিক ও সত্ত্বাধিকারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তারেক রহমান এর দায়িত্বপ্রাপ্ত পরিচালক।" খালেদা জিয়ার এই আইনজীবী দেশের জন্য জিয়াউর রহমানের অসামান্য অবদানের কারণে তার পরিবারের প্রতি সহানুভূতিশীল হওয়ার জন্যও সরকারের কাছে আবেদন জানান। খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো শারীরিকভাবে গুরুতর অসুস্থ অভিহিত করে আহমেদ আজম খান আবেদন জানান, আরাফাতকে সুচিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হোক। খালেদা জিয়ার এই আইনজীবী গত ৩ সেপ্টেম্বর দায়ের করা মামলার বর্ণনা দিতে গিয়ে বলেন, "এই মামলার সঙ্গে খালেদা জিয়া এবং তার পরিবারের সম্পৃক্ততা নেই। এই সাধারণ মামলাটি জরুরি বিধিমালায় আনা যায় না।" উচ্চতর আদালতে মামলাটি চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক রিট পিটিশন দাখিল করবেন বলেও জানান তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এএর্ল/এমএ/১৫৪০ঘ.