২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হান্নানের সঙ্গে বৈঠকের পর ঐক্যের কথা বললেন দেলোয়ার

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নতুন মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, দলে কোন বিরোধ বা বিভক্তি নেই। চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে তারা সবাই ঐক্যবদ্ধ রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2007, 07:05 PM

Updated : 26 Aug 2022, 08:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নতুন মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, দলে কোন বিরোধ বা বিভক্তি নেই। চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে তারা সবাই ঐক্যবদ্ধ রয়েছেন। মঙ্গলবার রাতে খালেদা জিয়ার উপদেষ্টা আসম হান্নান শাহর সঙ্গে বৈঠকের পর খোন্দকার দেলোয়ার সাংবাদিকদের বলেন, " বিএনপিতে কোনো বিরোধ বা বিভক্তি নেই। আমরা সবাই খালেদা জিয়ার নেতৃত্বে এক রয়েছি।" এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "নির্বাচন কমিশন থেকে চিঠি পেলে চেয়ারপারসনের অনুমতি নিয়ে আমরা কমিশনের সঙ্গে আলোচনায় বসবো।" খোন্দকার দেলোয়ার মহাখালীর ডিওএইচএস এ হান্নান শাহর বাসভবনে তার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক রিজভী আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে হান্নান শাহর সঙ্গে কথা বলেছেন মহাসচিব। হান্নান শাহর সঙ্গে গত দুসপ্তাহ ধরে পদবী নিয়ে প্রাকাশ্য বিরোধে জড়িয়ে পড়েছিলেন নতুন মহাসচিব। হান্নান শাহ নিজেকে দলের প্রধান সমন্বয়কারী হিসেবে পরিচয় দিয়ে গণমাধ্যমে বক্তব্য রাখলে খোন্দকার দেলোয়ার এর বিরোধিতা করেন। তিনি বলেছিলেন, দলের গঠনতন্ত্রে প্রধান সমন্বয়কারীর কোনো পদ নেই। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/বিআর/এমএসবি/১২৫০ ঘ.