ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ও চার সাবেক সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।
শাহ আবু নাইম মমিনুর রহমান ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ মঙ্গলবার এই রুল জারি করেন। আদালত অবমাননার দায়ে তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না ২৪ অক্টোবরের মধ্যে এর কারণ দর্শাতে বলা হয়েছে।
যাদের বিরুদ্ধে রুল জারি করা হয়েছে তারা হলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বেগম রোকেয়া ও সাবেক সচিব একেএম শামসুদ্দিন, কামাল উদ্দিন আহমেদ, রিয়াজুল কবির ও শামসুদ্দিন আহমেদ।
মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা শাহীনূর বারীর একটি পিটিশনের (আবেদন) পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন।
আবেদনে বলা হয়, অধিদপ্তরের একটি প্রকল্পের ১২ কর্মকর্তা-কর্মচারি হাইকোর্টে দায়ের করা একটি রিট আবেদনে তাদের বকেয়া বেতন পরিশোধ ও চাকরি রাজস্ব খাতে আত্মীকরণের দাবি জানান।
এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ২৬ জানুয়ারি ২০০৬ এ সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ওই কর্মকর্তাদের চার বছরের বকেয়া বেতন ও চাকরির অন্যসব সুবিধা দেওয়ার নির্দেশ দেন।
কিন্তু মন্ত্রণালয় আদালতের আদেশ মত তাদের দাবি পূরণ করেনি।
এর আগে, আদালত অবমাননা বিষয়ক দায়ের অপর একটি আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট একই মন্ত্রণালয়ের সাবেক সচিব শহিদুল ইসলামকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
ব্যারিস্টার সালাহউদ্দিন দোলন আবেদনটি উপস্থাপন করেন। এসময় তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট শফিক মাহমুদ ও আফসানা রশিদ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/টিএইচ/এমএসবি/ ২২৩৯ ঘ.
bdnews24