নীলফামারী, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আইনজীবী ও বিচারপ্রার্থীদের সঙ্গে বিচারকের 'অসদাচারণ' এর অভিযোগ এনে আদালত বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন নীলফামারীর আইনজীবীরা।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহজাহান আলী বলেন, "মঙ্গলবার সকাল ১০টার দিকে ৫৭৭/০৩ নম্বর মামলার আসামিপক্ষে জামিনের মেয়াদ বাড়ানোর শুনানির সময় বিচারক আব্দুর রশিদ মিঞা আইনজীবী লায়লা আঞ্জুম আরার উদ্দেশে অশালীন উক্তি করেন। এ সময় উপস্থিত অন্য আইনজীবীরা প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে জরুরি আইনে মামলা করার হুমকি দেন তিনি।"
তিনি বলেন, "বিচারক ও আইনজীবীদের মধ্যে তুমুল বাক-বিতণ্ডার এক পর্যায়ে ক্ষুব্ধ আইনজীবীরা বিচারককে লক্ষ করে চেয়ার ছুড়ে মারে। একপর্যায়ে বিচারক এজলাস ত্যাগ করে খাস কামরায় আশ্রয় নেয়।"
আইনজীবী সমিতির সভাপতি জানান, ঘটনার পর সমিতির জরুরি সভায় বিচারকের বিচার দাবি করা হয়। এছাড়া মঙ্গলবার থেকেই আদালত বর্জনসহ বিচারকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে মামলা দায়েরের সিদ্ধান্ত হয়েছে।
এ বিষয়ে বিচারক আব্দুর রশিদ মিঞা বলেন, "আইনজীবীদের অভিযোগ সত্য নয়।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/২২২৫ ঘ.
bdnews24