২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলার থেকে অব্যাহতি চেয়েছেন হাসিনার ৫ চাচাতো ভাই

কোম্পানি রিটার্ন দাখিল না করার মামলার অভিযোগ থেকে অব্যাহতি পেতে শেখ হেলালসহ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পাঁচ চাচাতো ভাই আবেদন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2007, 02:20 PM

Updated : 26 Aug 2022, 08:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কোম্পানি রিটার্ন দাখিল না করার মামলার অভিযোগ থেকে অব্যাহতি পেতে শেখ হেলালসহ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পাঁচ চাচাতো ভাই আবেদন করেছেন। মঙ্গলবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে তাদের পক্ষে এ আবেদন দাখিল করেন অ্যাডভোকেট মুনজুর আলম। মহানগর হাকিম মো. আহসান কবীর এটি গ্রহণ করে আগামী ১৩ নভেম্বর শুনানির দিন ধার্য করেন। গত ২৯ জুলাই ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে জয়েন্ট স্টক কোম্পানির ডেপুটি রেজিস্ট্রার আবদুল মান্নান বাদী হয়ে কোম্পানি আইনে শেখ হেলালউদ্দিন, শেখ সালাহ উদ্দিন, শেখ সোহেল উদ্দিন, শেখ জালাল উদ্দিন ও শেখ বেলাল উদ্দিনের বিরুদ্ধে মামলা করেন। এতে অভিযোগ করা হয়, আসামিদের মালিকানাধীন টুঙ্গীপাড়া পরিবহন লিমিটিড কোম্পানিটি ১৯৯৫-২০০৬ পর্যন্ত বার্ষিক রিটার্ন জয়েন্ট স্টক কোম্পানিতে দাখিল করেননি। অব্যাহতির আবেদনে আইনজীবী মুনজুর আলম বলেন, বিবাদীরা এখন পর্যন্ত সমন পাননি। পত্রিকার মাধ্যমে খবর পেয়ে তারা আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয়েছেন। তারা গত ৬ সেপ্টেম্বর 'সহকারী নিবন্ধক যৌথ মূলধন কোম্পানি ও ফার্ম' খুলনা বিভাগের কার্যালয়ে ৬৯ হাজার ৩২ টাকা জমা দিয়ে রশিদ নিয়েছেন। তবে ১৩ সেপ্টেম্বর খুলনা সহকারী নিবন্ধকের কাছে সত্যায়িত কপির জন্য আবেদন করা হলেও এখনো তা পাওয়া যায়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এমএআর/এসএনডি/এমএ/২০১৯ ঘ.