বাগেরহাট, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রামপাল উপজেলায় চিংড়ি ঘের থেকে মাছ চুরির অভিযোগে সেলিম ফকির ওরফে বাচ্চু (৩৫) এক নামে যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে নিহতের পরিবারের দাবি, বাচ্চুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার ভোরে রামপাল উপজেলা সদরের হাজী এনায়েতুল্লাহ দাখিল মাদ্রাসার পেছনে ওই মাদ্রাসা সুপারের চিংড়ি ঘেরে বাচ্চুকে মারধর করা হয় বলে প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান। গুরুতর আহত অবস্থায় স্থানীয় ঝনঝনিয়া স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে সেখানেই বাচ্চু মারা যায়।
মাদ্রাসা সুপার আব্দুল কাদের দাবি করেন, বাচ্চুর বিরুদ্ধে এলাকায় মাছ চুরির অভিযোগ রয়েছে। ভোররাতে বাচ্চু তার ঘেরসহ এলাকার কয়েকটি ঘের থেকে মাছ চুরি করার সময় এলাকাবাসী তাকে ধরে পিটুনি দেয়।
মাছ চুরির অভিযোগ অস্বীকার করে নিহতের ভাই ফকির আব্দুস সবুর সাংবাদিকদের বলেন, "বাচ্চু ভোররাতে সেহেরি খেয়ে নামাজ পড়তে বাইরে বের হলে কতিপয় ব্যক্তি তাকে আব্দুল কাদেরের চিংড়ি ঘেরে নিয়ে বেদম মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়। পরে হাসপাতালে বাচ্চু মারা যায়।"
তবে কারা বাচ্চুকে ধরে নিয়ে যায়, সে বিষয়ে আব্দুস সবুর কিছু বলেননি।
লাশের সুরতহালকারী রামপাল থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম জানান, নিহতের দুই পা ভাঙা এবং মুখে বেশ কিছু রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কোনও মামলা হয়নি।
নিহত বাচ্চু রামপাল সদর উপজেলার নূর আলী ফকিরের ছেলে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৪৬ ঘ.
bdnews24