জামালপুর, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গৃহবধূ নূর-ই-জান্নাত কাঁকন হত্যা মামলায় তার স্বামী ও শাশুড়িকে মৃত্যুদণ্ড দিয়েছে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালত।
বিচারক এস এম মজিবর রহমান মঙ্গলবার এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, জেলা শহরের গোলাপবাগ এলাকার মেহেদী হাসান মাসুম ও তার মা ফরিদা বেগম।
আদালতের রায়ে মামলার দুই আসামি সুমন ও শাহনাজকে খালাস দেওয়া হয়। মামলার অপর আসামি মাসুমের বাবা মামলা চলাকালেই মারা যায়।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, বিয়ের ১২০ দিনের মাথায় ২০০৪ সালের ২৭ জুলাই শহরের হাটচন্দ্রা এলাকার আব্দুল কাদেরের মেয়ে কাঁকনকে শ্বশুরবাড়ির লোকজন শ্বাসরোধে হত্যা করে লাশটি জামালপুর সদর হাসপাতালে ফেলে যায়।
হত্যাকাণ্ডের এক সপ্তাহ পর আব্দুল কাদের পাঁচজনকে আসামি করে সদর থানায় মামলাটি দায়ের করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৪৪ ঘ.
bdnews24