বরিশাল, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আগস্ট মাসের বেতন তুলতে না পেরে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন। তারা শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির পদ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ আকতার হোসেনের অপসারণ দাবি করেন।
সরকারি এমপিওভুুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে ইউএনও বেতন শিটে স্বাক্ষর করে থাকেন। কিন্তু স্বাক্ষর করার সময় পার হওয়ার পর তিনি আগস্ট মাসের বেতন শিটে স্বাক্ষর করেন। ব্যাংক ওই শিট গ্রহণ করতে অপারগতা প্রকাশ করায় ১৩৭টি প্রতিষ্ঠানের শিক্ষক বেতন তুলতে পারেননি। এ নিয়ে ক্ষুব্ধ শিক্ষক প্রতিনিধিরা জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন।
জেলা প্রশাসক মঞ্জুর-ই-এলাহী ওই ইউএনও'র বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
তিনি বলেন, "বাকেরগঞ্জের শিক্ষকরা বেতন উত্তোলন করতে গিয়ে সমস্যার সন্মুখীন হয়েছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।"
বাকেরগঞ্জ উপজেলা শিক্ষা অফিস সূত্র জানায়, উপজেলার ১৪টি ইউনিয়নে ১৫টি বেসরকারী কলেজ, ৬২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬৭টি মাদ্রাসা রয়েছে। এর মধ্যে ২টি কলেজ ও ৫টি মাদ্রাসা এমপিওভুক্ত হয়নি। সরকারি বিধি আনুযায়ী বাকি ১৩৭ টি প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন ইউএনও। তার স্বাক্ষরে শিক্ষকরা বেতনের সরকারি অংশ পেয়ে থাকেন।
কবাই ইউনিয়নের লক্ষ্মীপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রত্তন আলী মোল্লা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগষ্ট মাসের বেতনের শিটে সভাপতি হিসেবে ইউএনও শেখ আকতার হোসেনের স্বাক্ষর করার সময় রোববার শেষ হয়ে যায়। তিনি সোমবার সকালে বেতন শিটে পেছনের তারিখে (১৩ সেপ্টেম্বর) স্বাক্ষর করেন।"
রত্তন আলী জানান, সোমবার দুপুরে শিক্ষকরা সেই শিট রূপালী ব্যাংকের বরিশাল নগরীর সাগরদী শাখায় জমা দিলে ব্যাংক কর্তৃপক্ষ তা নিতে আপারগতা প্রকাশ করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২২ঘ.
bdnews24