কুমিল্লা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - কুমিল্লার দেবিদ্বার, সদর দক্ষিণ ও দাউদকান্দি উপজেলায় ৩টি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম জানান, সোমবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের ইউছুফপুর এলাকায় একটি টেম্পো ও ট্রাকের সংঘর্ষ ঘটলে টেম্পোযাত্রী ছুনু মিয়া (৬৫) শোরায়দা খাতুন (৩৪), তানিয়া (৯) ও তিশা (৫) ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় দেবিদ্বার স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পর শাহজাহান (৩৫) ও পিয়াস (৮) এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৮) মৃত্যু হয়।
আহত ৫ যাত্রীকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১২ জন যাত্রী নিয়ে টেম্পোটি মুরাদনগর থেকে ব্রাহ্মণবাড়ীয়ার খরমপুর মাজারে যাচ্ছিল।
জাহেদুল ইসলাম জানান, বাসটিকে আটক বা চালককে গ্রেপ্তার করা যায়নি।
এদিকে সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেলতলী এলাকায় প্রাইম পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ১ জন নিহত ও অন্তত ২৫ জন আহত হন।
সদর দক্ষিণ থানার সহকারী পরিদর্শক মোস্তফা কামাল জানান, নিহত বাসযাত্রীর নাম নাসির উদ্দিন (৩০)। আর গ্রামের বাড়ী মুক্তারামপুরের লক্ষ্মীপুরে। বাবার নাম মোহাম্মদ উল্লাহ।
আহতদের মধ্যে ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া সোমবার দুপুরে দাউদকান্দির ইলিয়াটগঞ্জের মোবারকপুরে ট্রাকের চাপায় দুই পথচারীর মৃত্যু হয়েছে।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, দুপুর দেড়টার দিকে ঢাকাগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এ সময় আলামগীর (২০) ও রিপন (১৮) নামের দুই পথচারী ঘটনাস্থলেই মারা যান। তাদের বাড়ি দাউদকান্দির টামটা গ্রামে।
ট্রাকটি উদ্ধার করা হলেও চালককে গ্রেপ্তার করা যায়নি বলে জানান মকবুল হোসেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৮০২ ঘ.
bdnews24