ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদকে ৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও বাদী দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারি পরিচালক শরিফুল হক সিদ্দিকী মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ মামলায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেছেন।
সোমবার দুপুরে ঢাকা মহানগর হাকিম মো. মিজানুর রহমান ব্যারিস্টার মওদুদকে অবৈধ সম্পদ অর্জনের মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। গত রোববার মো. শরীফুল হক সিদ্দিকী মওদুদের বিরুদ্ধে গুলশান থানায় এ মামলা করেন।
এজাহার ও গ্রেপ্তার দেখানো প্রতিবেদনে বলা হয়, ব্যারিস্টার মওদুদ ৭ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ২৩৮ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া তিনি প্রায় ৪ কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৩৭৫ টাকা টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করেন।
এজাহারে আরো বলা হয়, অভিযুক্ত বেনামে আরব বাংলাদেশ ব্যাংকের ইসলামপুর শাখায় তিন কোটি টাকার ও আইএফআইসি ব্যাংক মতিঝিল শাখায় এক কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৩৭৫ টাকার স্থায়ী সঞ্চয়ী আমানত (এফডিআর) করেন।
গত ৩ জুলাই সম্পদের হিসাব বিবরণী চেয়ে দুদক তার কাছে নোটিশ পাঠায়। ব্যারিস্টার মওদুদ গত ২৩ জুলাই সাড়ে ৩ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব দাখিল করেন। অনুসন্ধান করে দুদক তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও দাখিল করা হিসাব বিবরণীতে তথ্য গোপনের প্রমাণ পায়। এর পরিপ্রেক্ষিতে দুদক জরুরি ক্ষমতা অধ্যাদেশ ও দুর্নীতি দমন কমিশন আইনে মামলা করে।
প্রসঙ্গত, ব্যারিস্টার মওদুদ আহমেদকে যৌথবাহিনী গত ১২ এপ্রিল তার গুলশানের বাসভবনে তল্লাশি চালিয়ে ১৬ বোতল বিদেশি মদ ও ৩২ ক্যান বিয়ারসহ আটক করে। তার বিরুদ্ধে তখন বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এমএআর/এসকে/১৬২৪ ঘ.
bdnews24