ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বকেয়া বেতন-ভাতার দাবিতে চার দিন ধরে আংশিক কর্মবিরতি পালন করছেন দৈনিক যায়যায়দিনের সাংবাদিক-কর্মচারীরা।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬ থেকে ৭ টা পর্যন্ত এক ঘণ্টার কর্মবিরতির মধ্য দিয়ে শুরু হয় তাদের প্রতিবাদ কর্মসূচি। এরপর রোববার পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে ৮টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন তারা।
রোববার যায়যায়দিন কার্যালয়ে সাংবাদিক ও কর্মচারীরা এক সভা করে ৪৮ ঘণ্টার মধ্যে বকেয়া বেতন-ভাতা পরিশোধের সময়সীমা বেঁধে দেয়।
পত্রিকাটির প্রধান প্রতিবেদক মাসুদ কামাল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "আমরা আজ (রোববার) সবাই মিলে একটি সাধারণ সভা করেছি। আমরা কর্তৃপক্ষকে ঈদের আগে আমাদের বকেয়া সব বেতন-ভাতা দিয়ে দিতে বলেছি।"
তিনি জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত কর্মবিরতি চলবে। দাবি না মানা হলে মঙ্গলবার আরেকটি সভায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
যায়যায়দিনের প্রকাশক ও সম্পাদক শফিক রেহমানের সঙ্গে যোগাযোগ করা হলে রোববার রাতে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আমি এ ব্যাপারে এখন কোন মন্তব্য করতে চাই না। লেখা নিয়ে আমি ব্যস্ত আছি।"
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "পত্রিকাটি বন্ধ হয়ে যাওয়ার কোন আশঙ্কা নেই। এইচআরসি গ্র"পের কাছে প্রতিষ্ঠানটির মালিকানা হস্তান্তর করা হয়েছে। বর্তমানে পত্রিকাটি তারাই চালাচ্ছে। আমি শুধু এখানে সম্পাদক হিসেবে কাজ করছি।"
প্রতিষ্ঠানটির কর্মীদের জুলাই মাসের অর্ধেক এবং আগস্ট মাসের পুরো বেতন বকেয়া রয়েছে।
সাপ্তাহিক যায়াযায়দিন দৈনিকে রূপান্তরের পর গত বছর ঈদ উল ফিতরের ছুটির পরদিন ১০৪ জন সাংবাদিক কর্মচারীকে চাকুরিচ্যুত করার পর কয়েকদিন পত্রিকাটির প্রকাশনা বন্ধ থাকে। সেসময় চাকুরিচ্যুত সাংবাদিকরা আন্দোলন করে বিমানবন্দর থেকে শফিক রেহমানকে লন্ডনের পথ থেকে ফিরিয়ে আনেন। তারও আগে, ১৯৯৯ সালে শফিক রেহমান ট্যাবলয়েড আকারে 'যায়যায়দিন প্রতিদিন' বের করেন। কিন্তু এর আয়ু ছিল মাত্র ৩৭ দিন।
সামনে ঈদ রেখে সাংবাদিক কর্মচারীরা গত বছরের ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা করছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জিএনএ/এমএইচবি/২২০০ ঘ.
bdnews24