বরিশাল, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- হেরোইন বিক্রির দায়ে ফারুক হোসেন বাবুল নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা, আনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
বরিশাল বিভাগীয় জননিরাপত্তা অপরাধ দমন আদালতের বিচারক আবদুস ছালেক রোববার বিকেলে এ রায় দেন।
আসামী ফারুক হোসেনকে এর আগে জামিনে মুক্তি দেওয়া হলে তিনি পালিয়ে যান। তার অনুপস্থিতিতেই মামলার বিচার কাজ শেষ করা হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ১৭ মার্চ রাতে কোতয়ালী থানা পুলিশ নগরীর অশ্বিনী কুমার টাউন হল এলাকা থেকে ফারুক হোসেন বাবুলকে আটক করে। তার স্বীকারোক্তি আনুযায়ী পুলিশ ওই রাতেই ফারুকের বাসা থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করে।
১৭ মার্চ রাতে এ ব্যাপারে কোতয়ালী থানায় মাদক আইনে একটি মামলা করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ওই বছরের ১৬ এপ্রিল ফারুক হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ১০ জনের সাক্ষ্য নেওয়ার পর বিচারক রোববার রায় ঘোষণা করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জেকে/২২১১ ঘ.
bdnews24