গাজীপুর, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদরের সালনায় গজারি বনের মাঝে চার/পাঁচদিন ধরে পড়ে আছে এক তরুণীর লাশ। শনিবার সন্ধ্যায় খবরটি থানায় জানানোর পরও পুলিশ সেটি উদ্ধার করতে যায়নি। এর প্রায় ২৪ ঘণ্টা পর রোববার সন্ধ্যায় তারা ঘটনাস্থলে গেলেও 'লাশ পচে গেছে' দাবি করে ফিরে আসে। ডোম জোগাড়ের পর সোমবার সকালে মৃতদেহটি উদ্ধার করা হবে বলে জানায় তারা।
সালনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে প্রায় একশ' গজ পশ্চিমে গজারি বনের ভেতর শনিবার দুপুরে তরুণীর লাশটি দেখতে পায় এলাকাবাসী। এরপর আশপাশে শত শত মানুষ সেখানে ভিড় করে। তরুণীর পরনে খয়েরি রঙের সালোর কামিজ রয়েছে।
শনিবার বিকেলেই এক সংবাদ কর্মী ঘটনাটি জানান জয়দেবপুর থানায়। কিন্তু ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান 'কেউ এ বিষয়ে কমপ্লেইন করেনি' মন্তব্য করে লাশ উদ্ধারের কোনো পদক্ষেপ নেননি।
রোববার দুপুরে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমসহ বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা বিষয়টি জানান গাজীপুরের পুলিশ সুপার মো. আলমগীর আলমকে। তিনি বলেন, "ব্যবস্থা নেওয়ার জন্য এখনই আমি গাজীপুর থানাকে নির্দেশ দি্িচছ।"
তার নির্দেশে জয়দেবপুর থানা পুলিশের একটি দল সন্ধ্যায় ঘটনাস্থলে গেলেও লাশ উদ্ধার না করেই ফিরে যায়। এর কারণ সম্পর্কে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, "লাশ পচে গেছে। ডোম ছাড়া উদ্ধার সম্ভব নয়। কাল সকালে ডোম দিয়ে লাশ উদ্ধার করা হবে।"
পুলিশের এ সিদ্ধান্তের আরও এক রাত গজারি বনেই পড়ে থাকছে তরুণীটির লাশ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/এমএইচবি/২১৪৩ ঘ.
bdnews24