ঝিনাইদহ, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহ-২ আসনে বিএনপি দলীয় সাবেক সাংসদ মসিউর রহমানের বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা হয়েছে।
জেলা শহরের সুবোধ কুমার কুণ্ড বাদি হয়ে রোববার সদর থানায় মামলাটি দায়ের করেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইকবাল আলী।
সাবেক সাংসদসহ নয় জনের বিরুদ্ধে দায়ের করা এ মামলায় ৫০ লাখ ৮৫ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, সাংসদ থাকাকালে মসিউর রহমান অন্য আসামিদের সহায়তায় ২০০৪ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বিভিন্ন সময় চেক ও নগদ টাকায় বাদির কাছ থেকে ৫০ লাখ ৮৫ হাজার টাকা চাঁদা নেন।
মামলার অন্য আসামিরা হলেন, জাহিদুল ইসলাম, এম. মজিদ, আকতারুজ্জামান, আব্দুল মজিদ (ছোট মজিদ), জাহিদুজ্জামান মনা, কামাল আজাদ পান্নু, আসাদুর রহমান ও শওকত।
এদের মধ্যে শওকত ছাড়া বাকি সবাই বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।
ওসি সৈয়দ ইকবাল আলী জানান, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে।
জেলা বিএনপির সভাপতি মসিউর রহমানের বিরুদ্ধে এটিই প্রথম মামলা। তবে জরুরি অবস্থা জারির পর থেকেই তিনি অপ্রকাশ্যে রয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৩১ ঘ.
bdnews24