বরিশাল, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাকেরগঞ্জ উপজেলায় মিনারা বেগম (২৮) নামে এক নারীকে হত্যা করে পালিয়েছে তার স্বামী আলী হোসেন হাওলাদার।
এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান শেখ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকালে বাসস্ট্যান্ড লাগোয়া বাসায় আলী হোসেনের সঙ্গে মিনারা বেগমের ঝগড়া হয়। এর পর সকাল সাড়ে ৯টার দিকে রিকশায় করে মিনারাকে বাকেরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় আলী হোসেন। সেখানে স্ত্রীকে রেখেই সে পালিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক মো. শাহজাহান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "মিনারা বেগমকে রেখে যাওয়ার পর পরীক্ষা করে দেখা যায়, তিনি মারা গেছেন। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক পর্যবেক্ষণে মনে হয়েছে। তাই বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানাই।"
পুলিশ কর্মকর্তা শাহজাহান জানান, মিনারার গলাসহ শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তার মেয়ে এবং প্রতিবেশীদের সঙ্গে কথা বলে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় মামলা হবে। লাশ ময়না তদন্তের জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৫৫ ঘ.
bdnews24