২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যা পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে: পূর্বাভাস কেন্দ্র

দেশের সার্বিক বন্যা পরিস্থিতির বেশ খানিকটা উন্নতি হয়েছে। পানি কমা অব্যাহত রয়েছে ব্রহ্মপুত্র ও যমুনায়। তবে বাড়ছে ঢাকা ও আশপাশের নদনদীগুলোর পানি। এতে নিুাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা থাকলেও রাজধানী আক্রান্ত হওয়ার আশঙ্কা নেই বলে দাবি করছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2007, 08:39 AM

Updated : 26 Aug 2022, 08:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশের সার্বিক বন্যা পরিস্থিতির বেশ খানিকটা উন্নতি হয়েছে। পানি কমা অব্যাহত রয়েছে ব্রহ্মপুত্র ও যমুনায়। তবে বাড়ছে ঢাকা ও আশপাশের নদনদীগুলোর পানি। এতে নিুাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা থাকলেও রাজধানী আক্রান্ত হওয়ার আশঙ্কা নেই বলে দাবি করছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, কুড়িগ্রাম, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলায় বন্যা পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে। উন্নতির পথে রয়েছে রাজবাড়ী, ফরিদপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ এবং ঢাকা জেলার নবাবগঞ্জ ও দোহারে। বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী, ঢাকার আশপাশের নদীগুলোর মধ্যে বালু, শীতলক্ষ্যা, কালিগঙ্গা ও ধলেশ্বরী বইছে বিপদ সীমার ওপর দিয়ে। তুরাগ, টঙ্গীখাল, বুড়িগঙ্গা নদীর পানিও বাড়ছে। কেন্দ্রের সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, রোববার সকাল ৬টায় ১৮টি পয়েন্টে ১০টি নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে বইছিলো। এর মধ্যে ১৩টি পয়েন্টে পানি বেড়েছে, কমেছে ৪৭টি পয়েন্টে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সারা দেশে বন্যা পরিস্থিতির বেশ উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্রহ্মপুত্র অববাহিকার ছোট নদীগুলোর পানি বাড়লেও বড় নদীগুলোর পানি কমা অব্যাহত রয়েছে। গঙ্গা ও পদ্মার পানিও কমছে। তিনি আরও জানান, রাজধানীর আশপাশের নদনদীগুলোয় পানি বাড়ার গতি অনেকটা কমে এসেছে। এবারের বন্যায় ঢাকা ও এর আশপাশের নিুাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা থাকলে রাজধানী বন্যায় আক্রান্ত হওয়ার আশঙ্কা নেই। এ ছাড়া সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে আগামী এক থেকে তিন দিনের মধ্যে এ অঞ্চলেও পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে জানান তিনি। বন্যা পূূর্বাভাস কেন্দ্রের বুলেটিনে বলা হয়, তারাঘাটে কালিগঙ্গা নদীর পানি ৮ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১১৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধলেশ্বরী নদীর পানি জাগীর ও রেকাবী বাজার পয়েন্টে যথাক্রমে ৬ ও ৫ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৩৯ ও ৫১ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। সিলেটের কানাইঘাট, সিলেট ও সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি যথাক্রমে ৫, ১ ও ৯ সেন্টিমিটার কমলেও তিনটি পয়েন্টের সুনামগঞ্জ পয়েন্টে পানি এখনো বিপদ সীমার ওপরে রয়েছে। অমলসীদ ও শেওলা পয়েন্টে কুশিয়ারা নদীর পানি ৩ সেন্টিমিটার কমে এখনো বিপদ সীমার ১৭৫ ও ১০০ সেন্টিমিটার ওপরে রয়েছে। তবে মেঘনা নদীর পানি ভৈরব বাজার পয়েন্টে ৬ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। যমুনা নদীর পানি বাহাদুরাবাদ, সিরাজগঞ্জ ও আরিচা পয়েন্টে কমতে শুরু করেছে। গোয়ালন্দ ও ভাগ্যকুল পয়েন্টে পদ্মা নদীর পানি বিপদসীমার ১০৬ ও ৮৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৪৪০ ঘ.