নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাসায়নিকের দাম দফায় দফায় বৃদ্ধি পাওয়ায় শনিবার এক দিনেই নারায়ণগঞ্জের তিনশরও বেশি ডাইং কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে।
বাংলাদেশ নিট ডাইং ওনার্স এসোসিয়েশনের সভাপতি ওয়াহেদুজ্জামান বলেন, "ডায়িং কারখানা চালাতে প্রয়োজনীয় রাসায়নিক উপাদানের দাম হু হু করে বাড়ছে। এ অবস্থায় আমাদের পক্ষে কারখানা চালানো সম্ভব না। আজ (শনিবার) একদিনেই নারায়ণগঞ্জে তিনশরও বেশি কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে। যেসব প্রতিষ্ঠান এখনো চালু আছে সেগুলোও বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।"
ওয়াহেদুজ্জামানের মালিকানাধীন প্রতিষ্ঠান জামান ডাইংয়ের উৎপাদনও শনিবার বন্ধ হয়ে গেছে। এছাড়া ফতুল্লার জাপান ডাইং, মদীনা ডাইং, নানুপুর ডাইং, ভরটেক্স ডাইং এবং সিদ্ধিরগঞ্জের এসআরএস ডাইং ও আক্তার ডাইং কর্তৃপক্ষও জানিয়েছেন, রাসায়নিকের অভাবে তাদের কারখানায় উৎপাদন শনিবার বন্ধ করে দেওয়া হয়েছে।
ওয়াহেদুজ্জামান আরো বলেন, "ডাইং কারখানাগুলো বন্ধ হয়ে গেলে রপ্তানিমুখী নিটওয়্যার শিল্পে এর মারাত্মক প্রভাব পড়বে। ডাইং শিল্পকে রক্ষায় সরকারের উচিত জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া। আমরা ইতোমধ্যে নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে বিষয়টি জানিয়েছি।"
এনআরজি নিট কম্পোনি লিমিটেডের সহকারী মহা ব্যবস্থাপক মহিউদ্দিন মিলন জানান, ডাইং কারখানার প্রধান উপকরণ সোডা ও সল্ট। কিন্তু এসব রাসায়নিকের দাম একদিনেই তিন দফা বেড়েছে এমন ঘটনাও গত এক সপ্তাহে ঘটেছে। তার প্রতিষ্ঠানে উৎপাদন এখনো বন্ধ না হলেও এভাবে দাম বাড়তে থাকলে উৎপাদন চালিয়ে যাওয়া সম্ভব হবে না বলে মন্তব্য করেন তিনি।
তিনি জানান, ১২ দিন আগে প্রতি টন সোডার দাম ছিল ২৪ হাজার টাকা। এখন তা ৬৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। কেবল বৃহস্পতিবারই ৩ দফায় ১০ হাজার টাকা দাম বেড়েছে। ওইদিন সকালের ৫৫ হাজার টাকা থেকে টন প্রতি সোডা দুপুরে হয় ৬০ হাজার টাকা। বিকেলে তা ৬৫ হাজার টাকা হয়।
মহিউদ্দিন মিলন জানান, গত এক সপ্তাহে গ্লোবাল সল্টের দাম প্রতি টনে বেড়েছে ২ হাজার টাকা। ৪০ কেজি ওজনের ১ ড্রাম ব্লিচিং পাউডারের দাম ১৫ দিন আগে ছিল ২ হাজার ৯শ টাকা। এখন তা বেড়ে সাড়ে ৫ হাজার টাকা হয়েছে। সালফার ১ সপ্তাহের মধ্যে প্রতি পাউন্ড ৪২ টাকা থেকে বেড়ে ৫১ টাকা হয়েছে। প্রতি কেজি হাইড্রোজ ১ সপ্তাহ আগে ছিল ৭০ টাকা। এখন বিক্রি হচ্ছে ৮৬ টাকায়।
তিনি আরো জানান, নারায়ণগঞ্জে ছোট বড় মিলিয়ে প্রায় চারশ ডাইং কারখানা রয়েছে। এসব কারখানায় ৩০ হাজারেরও বেশি শ্রমিক কাজ করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/এসএনডি/২২৩৭ ঘ.
bdnews24