ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জামিনের আবেদন রোববারের পরিবর্তে দুই একদিন পরে করা হবে।
বিএনপি সমর্থক আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা শনিবার সন্ধ্যায় এক বৈঠকে আরো দুই একদিন পরে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন।
সকালে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন,"রোববার সকাল নয়টায় মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে খালেদা জিয়ার জামিনের দরখাস্ত দাখিল করা হবে।"
পরে সন্ধ্যায় তিনি বলেন, " জামিন আবেদন রোববার করা হচ্ছে না। সন্ধ্যায় আইনজীবী ফোরামের নেতারা বৈঠক করে এ সিদ্ধান্ত নিয়েছেন। দুই একদিন পর এ আবেদন করা হবে।"
বুধবার খালেদা জিয়ার জামিন আবেদনের দরখাস্ত গ্রহণ করেননি ঢাকার মুখ্য মহানগর হাকিম জালাল আহমেদ। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা কোন দুর্নীতি মামলার শুনানি গ্রহণে তার এখতিয়ার নেই জানিয়ে তিনি দরখাস্ত নেননি।
দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী খালেদা জিয়াসহ ১৩ জনকে আসামী করে ২ সেপ্টেম্বর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমএ/এমএইচএস/জিএনএ/২১০০ঘ.
bdnews24