বরিশাল, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা থেকে বরগুনাগামী সাকুরা পরিবহনের একটি নৈশকোচে শুক্রবার ডাকাতির চেষ্টা হয়েছে। ডাকাতের গুলিতে আহত হয়েছেন বাসের হেলপার মিজানুর রহমান (২৬)।
ঝালকাঠি জেলার নলছিটি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসটি দপদপিয়া ফেরিঘাট অতিক্রমের পর ৭-৮ জন যাত্রীবেশী ডাকাত হেলপার মিজানকে বাসের গেট খুলে দিতে বলে। হেলপার তাদের কথা না শুনলে তাকে লক্ষ করে ডাকাতরা গুলি চালায় এবং বাসের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
তিনি বলেন, "গুলির শব্দে ফেরিঘাট থেকে টহল পুলিশের একটি পিকআপ ভ্যান নিয়ে বাসটিকে ধাওয়া করে। এক পর্যায়ে ডাকাত দল জুরকাঠি এলাকায় বাস থামিয়ে পালিয়ে যায়। তবে ওই সময় এক ডাকাতকে ধরে ফেলে যাত্রীরা।"
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, গ্রেপ্তার হওয়া ডাকাতের নাম শামিম (২৫)।
এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে বলে ওসি জানান।
এদিকে গুলিবিদ্ধ মিজানুর রহমানকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৬২১ ঘ.
bdnews24