সিলেট, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিক্ষোভের জের ধরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৩ আগস্ট বিক্ষোভের ঘটনায় দায়ের মামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। এছাড়া নাম পরিচয় পাওয়া সাপেক্ষে আরো ১৯ জনকে অভিযোগত্রে অন্তর্ভুক্ত করা হবে।
অভিযুক্তদের মধ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও পলিটিক্যাল স্টাডিজ এন্ড অ্যাফেয়ার্স বিভাগের শিক্ষার্থী মুস্তাফিজুর রহমান রাজুর নাম উল্লেখ করে বাকিদের অজ্ঞাত দেখানো হয়েছে।
শুক্রবার কোতোয়ালি থানার উপ-পরিদর্শক আবদুল আহাদ সিলেটের ১ নম্বর আমলী আদালতে এ অভিযোগপত্র দেন।
উপ-পরিদর্শক আবদুল আহাদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "মুস্তাফিজুর রহমান রাজুর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। নাম পরিচয় পাওয়া গেলে আরো ১৯ জনকে এতে অন্তর্ভুক্ত করা হবে।"
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিক্ষোভের ঘটনায় গত ৬ সেপ্টেম্বর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক শাহেদ উদ্দিন জরুরি বিধিমালায় মামলাটি দায়ের করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/০০০৪ ঘ.
bdnews24