২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমজান মাসে বিপনী বিতানগুলোর নিরাপত্তায় র‌্যাবের বিশেষ ব্যবস্থা

রমজান মাসে নিউমার্কেট এলাকাসহ বিভিন্ন অভিজাত বিপনী বিতানে আসা ক্রেতাদের নিরাপত্তার রক্ষায় র‌্যাব বাড়তি টহলসহ বিশেষ ব্যবস্থা নিচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2007, 04:51 PM

Updated : 26 Aug 2022, 08:37 PM

ঢাকা, ১৪ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রমজান মাসে নিউমার্কেট এলাকাসহ বিভিন্ন অভিজাত বিপনী বিতানে আসা ক্রেতাদের নিরাপত্তার রক্ষায় র‌্যাব বাড়তি টহলসহ বিশেষ ব্যবস্থা নিচ্ছে। র‌্যাব-২ এর একটি দল শুক্রবার নিউমার্কেট ও এলিফ্যান্ট রোডসহ রাজধানীর বিভিন্ন এলাকায় মোটরসাইকেল মহড়া দেয়। শুক্রবার বিকেল সাড়ে তিনটায় র‌্যাব-২ এর ২০ টি মোটরসাইকেলের বহর নিউমার্কেটের এক নম্বর গেট থেকে শুরু করে মিরপুর রোড, এলিফ্যান্ট রোড, নিউ এলিফ্যান্ট রোড ও কলাবাগান হয়ে কারওয়ান বাজার এসে তাদের মহড়া শেষ করে। র‌্যাব-২ এর অপারেশন কর্মকর্তা সহকারি পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, রমজান মাসে বিপনী বিতানগুলোতে ভিড় স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি থাকবে বলেকেনাকাটা করতে আসা মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য র‌্যাবের টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হবে। তিনি জানান, চুরি-ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে র‌্যাবের বেশ কয়েকটি দল এ সময় ছদ্মবেশে বিভিন্ন মার্কেট এলাকায় অবস্থান নেবে। এছাড়া নিউমার্কেটে একটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হবে। সেখানে অপরাধের শিকার হলে কেউ তাৎক্ষণিকভাবে তাদের অভিযোগ জানতে পারবেন। র‌্যাব তখন সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এসকে/২২৪৪ঘ.