২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম রোজা হলেও ঢাকার ইফতার বাজার জমেনি

রমজানের প্রথম দিনে রাজধানীর বেশিরভাগ এলাকার ইফতার বাজার ছিল কিছুটা মন্দা। রমজানের প্রথম দিন এবং শুক্রবার হওয়ার কারণে ব্যবসায়ীরা বেচা-কেনার যে হিসেব কষেছিলেন তার অঙ্ক মেলেনি। তবে চকবাজার তথা পুরনো ঢাকার ইফতারের বাজার ছিল বরাবরের মতোই চাঙ্গা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2007, 02:29 PM

Updated : 26 Aug 2022, 08:37 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রমজানের প্রথম দিনে রাজধানীর বেশিরভাগ এলাকার ইফতার বাজার ছিল কিছুটা মন্দা। রমজানের প্রথম দিন এবং শুক্রবার হওয়ার কারণে ব্যবসায়ীরা বেচা-কেনার যে হিসেব কষেছিলেন তার অঙ্ক মেলেনি। তবে চকবাজার তথা পুরনো ঢাকার ইফতারের বাজার ছিল বরাবরের মতোই চাঙ্গা। গরম কড়াইয়ের ডুবো তেলের ওপর জিলিপির প্যাঁচ পড়তে না পড়তেই যেখানে বিক্রি হয়ে যেত সেখানে বিক্রেতারা ক্রেতার ফরমায়েশ পেয়ে তবে প্যাঁচ ছাড়ছেন। আর সমুচা, সিঙ্গারার মতো তৈরি খাবারগুলোও অনেক দোকানে স্তুপ হয়ে পড়ে ছিল ডালায়। মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প সংলগ্ন মোস্তাকিম ও মুসলিম কাবাবের বিক্রেতারা বললেন বেচাবিক্রি একদম কম। ইফতারের মাত্র ১০ মিনিট আগে তারা জানালেন যা প্রস্তুতি ছিল তার অর্ধেকও বিক্রি হয়নি। জনপ্রিয় মোস্তাকিম কাবাবের বিক্রেতা এসএম মোর্শেদ জানালেন, তাদের বিশেষ খাবার বিভিন্ন ধরণের কাবাব এবারও রয়েছে। সঙ্গে রয়েছে গরুর হালিম। প্রতিটি শামি কাবাব ৮টাকা, ডিম চপ ৮টাকা, জালি কাবাব ৮টাকা, চিকেন ফ্রাই ৪০ টাকা, মগজ ভাজি ২৮ টাকা, গিলা-কলিজা ২৮ টাকা, সমুচা ৬টাকা, আলুর চপ ও পেঁয়াজু ২ টাকা করে বিক্রি হচ্ছে। মোর্শেদ বললেন, "অন্যান্যবার আমরা ভেজে কুলিয়ে উঠতে পারতাম না। ক্রেতারা চেচামেচি শুরু করতো। এবার মসলা মাখানো কাবাবের উপকরণ এখনও পড়ে রয়েছে।" মুসলিম কাবাবের আহমেদও জানালেন একই কথা। ধানমণ্ডি-শংকর এলাকার দোকানগুলোতে ইফতারের আগে অনেক ভিড় দেখা গেলেও বিক্রেতারা জানালেন তারা হতাশ। শংকরে ইফতার বিক্রেতা মো. স্বপন জানালেন তারা প্রতি কেজি জিলাপি ৮০ টাকা, আমির্তি ১১০ টাকা, নিমকি ১১০ টাকা, নিমকপারা ১২০ টাকা, বুন্দিয়া ১০০ টাকা, সমুচা ও সিঙ্গারা ৫টাকা পিস হিসেবে বিক্রি করছেন। তবে ক্রেতা অন্যান্যবারের তুলনায় অনেক কম। স্বপন বললেন, "হয়তো আগামি দুই-একদিনের মধ্যে ইফতারের বাজার চাঙ্গা হবে। তবে রোজার প্রথমদিন হিসেবে আমরা আরেকটু বেশি বিক্রি আশা করেছিলাম।" ধানমণ্ডির অভিজাত খাবারের দোকানগুলোতে ছিল 'স্পেশাল আইটেম' এর ছড়াছড়ি। বিভিন্ন বাহারী নামের হালিম ও জিলাপি বিক্রি হয়েছে এসব দোকানে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২০১৭ ঘ.