২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমজানে রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে থাকবে ভ্রাম্যমান আদালত

রমজান মাসে রাজধানীতে যাতে যানজট না হয় সেজন্য ভ্রাম্যমান আদালত নামানো হচ্ছে। এই আদালত ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ এবং তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেবে। ঢাকা মহানগর পুলিশ, বিআরটিএ এবং ঢাকা সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে পুরো রমজান মাস নগরজুড়ে ভ্রাম্যমান আদালত কার্যক্রম চালাবে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রাজধানীর যানজট নিরসনে এক আন্ত:মন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2007, 01:41 PM

Updated : 26 Aug 2022, 08:37 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রমজান মাসে রাজধানীতে যাতে যানজট না হয় সেজন্য ভ্রাম্যমান আদালত নামানো হচ্ছে। এই আদালত ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ এবং তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেবে। ঢাকা মহানগর পুলিশ, বিআরটিএ এবং ঢাকা সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে পুরো রমজান মাস নগরজুড়ে ভ্রাম্যমান আদালত কার্যক্রম চালাবে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রাজধানীর যানজট নিরসনে এক আন্ত:মন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র সচিব এম এ করিমের সভাপতিত্বে সভায় ঢাকার পুলিশ কমিশনার নাইম আহম্মেদ, বাংলাদেশ রাইফেলস (বিডিআর) প্রতিনিধি, আনসারের মহাপরিচালক, সিটি করপোরেশনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত থাকা কয়েকজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, যানজট নিরসনে কর্তব্যরত ট্রাফিক পুলিশের গাফিলতি এবং দক্ষতা নিয়ে সভায় প্রশ্ন উঠেছে। এ ব্যাপারে আলোচনা শেষে ট্রাফিক পুলিশের পরিদর্শক, সার্জেন্ট এবং কনুেস্টবলদের দক্ষতা বাড়াতে আরো উন্নত প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত হয়। তারা জানান, রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে ট্রাফিক সার্জেন্টদের কাগজপত্র পরীক্ষার কারণে যানজটের সৃষ্টি হয় বলে এভাবে সেটা না করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। ট্রাফিক সার্জেন্টদের ব্যবহৃত মোটর সাইকেলও সড়কের মাঝখানে না রাখতে বলা হয়। কোন গাড়িচালক কোন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করলে ওই কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দেওয়া হয়। ওই কর্মকর্তারা জানান, সভায় রাজধানীতে যানজটের বেশ কয়েকটি কারণ চিহ্নিত করে বলা হয়েছে, প্রতিদিন নগরীর বিভিন্ন পয়েন্ট দিয়ে ৭৪টি ট্রেন কমলাপুর রেল স্টেশনে আসা যাওয়া করে। ট্রেন চলাচলের জন্য রেলক্রসিংয়ের গেটগুলো বন্ধ করে দিতে হয় বলে প্রতিদিন প্রায় ছয় ঘন্টা কমলাপুর, মগবাজার, মহাখালী ও বনানী এলাকার সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখতে হয়। এছাড়াও প্রায় ছয় লাখ অবৈধ রিক্সা, ২০ বছরের পুরনো বাস চলাচল, জলবদ্ধতা, ক্ষতিগ্রস্ত রাস্তা, অকার্যকর ট্রাফিক সিগন্যাল, সিগন্যাল মার্কিংয়ের অভাব, যত্রতত্র বাসষ্ট্যান্ড গড়ে উঠার কারণে নগরীতে যানজট হয় বলে সভায় জানানো হয়েছে। সভায় রাজধানীর মাত্র ২০০ কিলোমিটার সড়কে ১৩৮টি বাস রুট বাতিল করে তা ৩৫ থেকে ৪০টি নামিয়ে আনার বিষয়েও আলোচনা হয়েছে। কর্মকর্তারা আরো জানান, পুলিশের পক্ষ থেকে দেওয়া প্রস্তাবে বলা হয়েছে, ঢাকা মহনগরীতে পিক আওয়ারে যানজট নিরসন করা কোনভাবে সম্ভব হবে না। যানজট নিরসনের জন্য পুলিশ পাতাল রেল অথবা মনোরেল চালু করার প্রস্তাব দিয়েছে। রমজান মাসে ঢাকা মহানগরীর যানজট নিরসনের জন্য সকালে দুই ঘন্টা এবং বিকেলে দুই ঘন্টা বিডিআরের সংরক্ষিত এলাকার সড়ক সাধারণ যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার প্রস্তাব করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এমএসবি/এমএ/১৯৩২ঘ.ুুুু