ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সম্পদের তথ্য গোপন ও আয় বহির্ভূত সম্পদ রাখার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় আওয়ামী লীগের সাবেক সাংসদ আ ফ ম হ লোটাস কামালের স্ত্রী ও দুই মেয়ের সম্পত্তি জব্দের আদেশ দিয়েছে আদালত।
অভিযুক্তরা পলাতক থাকায় বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হক এ আদেশ দেন। এ সময় লোটাস কামালকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
এ বছর ২২ মার্চ সম্পদের তথ্য গোপন ও আয় বহির্ভূত সম্পদ রাখার অভিযোগে লোটাস কামালের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে ১৫ আগস্ট দুদকের উপ পরিচালক মো. আবু সাঈদ লোটাস কামাল, তার স্ত্রী কাশমিরি কামাল ও দুই মেয়ে কাশফি কামাল ও নাফিসা কামালকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন। তাদের বিরুদ্ধে ৮০ লাখ ৫০ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রাখার অভিযোগ আনা হয়।
এর আগে কাশমিরি কামাল, কাশফি কামাল ও নাফিসা কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারী করা হয়েছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এমএসবি/এমএ/১৮৪৪ ঘ.
bdnews24