ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - রোজার মধ্যে শুরু হওয়ার কথা থাকলেও চুক্তি না হওয়ায় ঢাকা-কলকাতা সরাসরি ট্রেন সার্ভিস শিগগিরই চালু হচ্ছে না।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, ট্রেন সার্ভিস চালুর ব্যাপারে চুক্তির কাগজপত্র এখনও অনুমোদন করেনি ভারতীয় সরকার। ভারতীয় কর্তৃপক্ষের অনুমোদনের জন্য ইতিমধ্যেই চুক্তির কাগজপত্র সেখানে পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কাজী আসাদ উল্লাহ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকা-কলকাতা সরাসরি ট্রেন সার্ভিস শুরুর ব্যপারে চুক্তির কাগজপত্র এখনও পাইনি আমরা। চুক্তি অনুমোদন না হওয়া পর্যন্ত আমরা ট্রেন সার্ভিস শুরু করতে পারি না।"
তিনি জানান, সীমান্তবর্তী দর্শনা রেল স্টেশনে কাস্টমস ও ইমিগ্রেশনসহ যাত্রীদের সুবিধার জন্য ইতিমধ্যেই বিভিন্ন অবকাঠামো তৈরির কাজ শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ভারতীয় কর্তৃপক্ষও গেদে স্টেশনে একই ধরনের অবকাঠামো উন্নয়ন কাজ শুরু করেছে।
এর আগে উভয়পক্ষ সফলতার সঙ্গে পরীক্ষামূলক ট্রেন চালায়। ভারতীয় প্রতিনিধি দল ৭ জুলাই কলকাতা থেকে পরীক্ষামূলক ট্রেনে ঢাকা পৌঁছায়। একইভাবে বাংলাদেশ প্রতিনিধি দল ২৯ জুলাই ঢাকা থেকে কলকাতা যায়। এসময় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে দুটি বৈঠক অনুষ্ঠিত হয়।
তবে বৈঠকে সীমান্তে রেল লাইনের ওপর কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়টি মীমাংসা হয়নি। বিষয়টি মীমাংসার জন্য পরবর্তীতে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে বৈঠক হয় এবং বৈঠকের সিদ্ধান্ত অনুসারে ট্রেন সার্ভিস চালুর বিষয়ে বাংলাদেশ চুক্তির খসড়া কাগজপত্র ভারতীয় কর্তৃপক্ষের কাছে পাঠায়। তবে ভারত থেকে কাগজপত্র এখনও ফেরত আসেনি।
এর আগে ২০০১ সালে ঢাকা-কলকাতা সরাসরি ট্রেন সার্ভিস চালুর ব্যাপারে উভয়পক্ষ পরীক্ষামূলক ট্রেন চালনা করে। কিন্তু রাজনৈতিক কারণে তখন এ ব্যাপারে আর কোনো অগ্রগতি হয়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ কেআরসি/টিএইচ/এমএ/১৯১০ঘ.
bdnews24