ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আয়কর ফাঁকির মামলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য এ টি এম সারোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার সংসদ ভবনের বিশেষ জজ আদালত-২ এর বিচারক অমর কুমার রায় অভিযোগ গঠন করেন। আদালত আগামী সোমবার সাক্ষ্য নেওয়ার দিন ধার্য করেন। এ মামলায় রাষ্ট্রপক্ষে মোট পাঁচ জনকে সাক্ষী করা হয়েছে।
আসামি সারোয়ার হোসেন পলাতক রয়েছেন।
কর ফাঁকির অভিযোগে গত ১৫ আগস্ট এনবিআরের উপ-কর কমিশনার রবিউল হাসান প্রধান বাদি হয়ে ঢাকার সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হকের আদালতে মামলাটি দায়ের করেন। পরে মামলাটি বিচারের জন্য বিশেষ জজ আদালতে পাঠানো হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, আসামি ২০০০-২০০১ করবর্ষ থেকে ২০০৬-২০০৭ করবর্ষ পর্যন্ত ৪ কোটি ৩১ লাখ ৮৬ হাজার ১১৬ টাকার সম্পত্তির তথ্য গোপন করে এর ওপর প্রযোজ্য কর ফাঁকি দিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/১৭৪৬ঘ.
bdnews24