২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাউজানে ভোটার কমছে, বেড়েছে সীতাকুণ্ডে

চট্টগ্রামের রাউজান ও সীতাকুণ্ড পৌরসভায় ছবিসহ নতুন ভোটার তালিকা তৈরির প্রথম পর্যায়ের কাজ শেষে দেখা গেছে রাউজানে ভোটার সংখ্যা কমে গেলেও বেড়েছে সীতাকুণ্ডে। বাতিল হয়ে যাওয়া ভোটার তালিকার চেয়ে এবার রাউজান পৌরসভায় প্রায় ১৩ হাজার ভোটার কমেছে। বিদেশে কাজ করতে যাওয়া লোকজনের সংখ্যা বেড়ে যাওয়া এর প্রধান কারণ বলে দাবি করেছে সেখানকার পৌর কর্তৃপক্ষ। অন্যদিকে সীতাকুণ্ড পৌরসভায় ভোটার বেড়েছে ৩৭০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2007, 08:15 AM

Updated : 26 Aug 2022, 08:37 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের রাউজান ও সীতাকুণ্ড পৌরসভায় ছবিসহ নতুন ভোটার তালিকা তৈরির প্রথম পর্যায়ের কাজ শেষে দেখা গেছে রাউজানে ভোটার সংখ্যা কমে গেলেও বেড়েছে সীতাকুণ্ডে। বাতিল হয়ে যাওয়া ভোটার তালিকার চেয়ে এবার রাউজান পৌরসভায় প্রায় ১৩ হাজার ভোটার কমেছে। বিদেশে কাজ করতে যাওয়া লোকজনের সংখ্যা বেড়ে যাওয়া এর প্রধান কারণ বলে দাবি করেছে সেখানকার পৌর কর্তৃপক্ষ। অন্যদিকে সীতাকুণ্ড পৌরসভায় ভোটার বেড়েছে ৩৭০ জন। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন রুহুল আমীন রানা। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে চট্টগ্রামে ভোটার তালিকা তৈরির প্রথম ধাপে রাউজান ও সীতাকুণ্ড পৌরসভায় গত ২৩ আগস্ট থেকে কাজ শুরু হয়। চলতি মাসের ৭ তারিখে সীতাকুণ্ড পৌরসভায় ও গত মঙ্গলবার রাউজান পৌরসভায় ভোটার তালিকার প্রথম পর্যায়ের কাজ শেষ হয়। জেলা নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম জানান, রাউজান পৌরসভায় এবার ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য প্রায় ৩৬ হাজার প্রাপ্তবয়স্ক পুরুষ ও নারী ছবি তুলেছে। বাতিল হয়ে যাওয়া ভোটার তালিকার চেয়ে এ সংখ্যা প্রায় ১৩ হাজার কম। গত বছর ডিসেম্বরে বাতিল হওয়া তালিকা অনুসারে এ পৌরসভায় ভোটার ছিল ৪৯ হাজার ৩০৫ জন। তিনি জানান, রাউজান পৌরসভায় ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি ও জাতীয় পরিচয়পত্র তৈরির প্রথম পর্যায়ের কাজ মঙ্গলবার শেষ হয়েছে। এ সময়ের মধ্যে যারা ছবি তুলতে পারেননি তাদের জন্য আরও একবার সুযোগ রাখা হয়েছে। পৌরসভার নয়টি কেন্দ্রে শুক্রবার তাদের ছবি তোলার কাজ করা হবে। অন্যদিকে, রাউজান পৌরসভায় ভোটার কমলেও সীতাকুণ্ডে গতবারের তুলনায় এর সংখ্যা বেড়েছে। এ দুটি পৌরসভায় ভোটার তালিকার কাজ শেষে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে দুটি উপজেলার সব ইউনিয়নে একযোগে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র প্রদানের জন্য ছবি তোলা শুরু হবে। নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার জানান, পৌরসভার দেওয়া তথ্য অনুযায়ী রাউজানের প্রায় তিন হাজার প্রাপ্তবয়স্ত ব্যক্তি কর্মসূত্রে বিদেশে আছে। এজন্য ভোটার সংখ্যা আগের তুলনায় কমে গেছে। এছাড়া, ভুুয়া ভোটার হওয়ার সুযোগ না থাকা, রাজনৈতিক দলগুলোর প্রভাবে গ্র"পভিত্তিক ভোটার হওয়া বন্ধ, অনেকে পলাতক থাকায়, দ্বৈত ভোটার হওয়ার সুযোগ বন্ধ এবং শহরে বসবাসরত অনেকে ভোটার হতে না আসাতেও এ সংখ্যা কমেছে বলে তিনি মনে করেন। রাউজান পৌরসভার সাবেক চেয়ারম্যান ও ভোটার তালিকা যাচাই কমিটির সদস্য দেবাশীষ পালিত বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "দীর্ঘদিন ধরে রাউজানের অনেকে মধ্যপ্রাচ্যে কাজ করে। এ বছর বিদেশ যাওয়ার সংখ্যাও বেড়েছে। আগে ছবি তোলার বাধ্যবাধকতা না থাকায় প্রবাসী ব্যক্তির পরিবারের সদস্যরা ভোটার তালিকায় তার নাম তুলে দিত। কিন্তু এবার সেটি সম্ভব হচ্ছে না।" তিনি জানান, প্রশাসনের পাশাপাশি পৌরসভার চেয়ারম্যান, প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান পদপ্রার্থী, ওয়ার্ড কমিশনার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে গঠিত যাচাই কমিটি ভোটার তালিকার বিষয়টি পর্যবেক্ষণ করায় এবার কেউ ভুয়া ভোটার হতে পারেনি। রাজনৈতিক প্রভাব না থাকায় তালিকা প্রণয়ন নিয়ে কোনো অভিযোগও ওঠেনি বলে তিনি জানান। দেবাশীষ পালিত বলেন, আইন প্রয়োগকারী সংস্থার উপস্থিতির কারণে সংখ্যালঘুদের ভোটার হওয়া নিয়ে প্রতিবার যে সমস্যা দেখা দিত এবার তা হয়নি। তবে সীমিত প্রচারণার কারণে পৌর এলাকার অনেক নিম্ন আয়ের লোকজন বা দিনমজুর ভোটার হতে পারেননি বলে তিনি মন্তব্য করেন। জেলা নির্বাচন কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, সীতাকুণ্ডে গতবারের তুলনায় ৩৭০ জন ভোটার বেশি হয়েছে। গতবার এ পৌরসভায় ভোটার ছিল ২৪ হাজার ৬৪ জন। সীতাকুণ্ড পৌরসভার চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, "দুই বছর পরে আবার তালিকা হওয়ায় এবার ভোটারের সংখ্যা বেড়েছে। এছাড়া, জাতীয় পরিচয়পত্র দেওয়ার কারণে দেশের অন্যান্য স্থানে থাকা অনেকে এসে নতুন করে ভোটার হয়েছেন। পাশাপাশি পৌর এলাকায় বসবাসরত অন্য জেলার হাজারখানেক নির্মাণ শ্রমিক, শিপ ইয়ার্ডে কর্মরত শ্রমিক ও রিকশা চালক ভোটার হওয়ায় সংখ্যা বেড়েছে।" নির্বাচন অফিস সুত্র জানায়, এ দুটি উপজেলার সব ইউনিয়নে তথ্য সংগ্রহকারীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করবে ১৪ সেপ্টেম্বর থেকে। এরপর রাউজানের ১৪টি ইউনিয়নে ও সীতাকুণ্ডের নয়টি ইউনিয়নে ২৪ সেপ্টেম্বর থেকে ছবি তোলার কাজ শুরু হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এসএনডি/এমএ/১৪১২ঘ.