২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনা ও জলিলের মুক্তি চাইল আ'লীগের কার্যনির্বাহী সংসদ

রাজনীতির ওপর থেকে সীমিত পরিসরে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের প্রথম বৈঠকে দলের সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক আব্দুল জলিলের মুক্তি দাবি করা হয়েছে। এ ছাড়া নির্বাচনী আইন সংস্কার নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার বিষয়ে আওয়ামী লীগ কমিশনের কাছ থেকে চিঠি পাওয়ার পরই সিদ্ধান্ত নিতে চায়। চিঠি পেলে আবার কার্যনির্বাহী সংসদের বৈঠক ডাকা হবে সিদ্ধান্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2007, 03:02 PM

Updated : 26 Aug 2022, 08:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজনীতির ওপর থেকে সীমিত পরিসরে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের প্রথম বৈঠকে দলের সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক আব্দুল জলিলের মুক্তি দাবি করা হয়েছে। এ ছাড়া নির্বাচনী আইন সংস্কার নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার বিষয়ে আওয়ামী লীগ কমিশনের কাছ থেকে চিঠি পাওয়ার পরই সিদ্ধান্ত নিতে চায়। চিঠি পেলে আবার কার্যনির্বাহী সংসদের বৈঠক ডাকা হবে সিদ্ধান্ত হয়েছে। বুধবার বিকালে শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শেষে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান সাংবাদিকদের জানান, শেখ হাসিনাসহ গ্রেপ্তার দলীয় নেতাদের মুক্তির জন্য আইনি লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বৈঠকে শেখ হাসিনা ও দলীয় সাধারণ সম্পাদক আব্দুল জলিলের মুক্তি দাবি করা হয়। জিল্লুর রহমান শুধু রাজধানী নয়, সারাদেশেই ঘরোয়া রাজনীতি চালু করার দাবি জানিয়েছেন। তিনি বলেন, "জনগণকে কথা বলার অধিকার দেওয়া দিতে হবে।" ভারপ্রাপ্ত সভাপতি জানান, নির্বাচনী আইন সংস্কার নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার প্রশ্নে আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের বৈঠকে সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে কমিশনের চিঠি পাওয়ার পরেই বৈঠক ডাকা হবে। নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর- এই তিন মাস নির্বাচনী আইন সংস্কার নিয়ে কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে। কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ৪ নভেম্বর আওয়ামী লীগের সঙ্গে আলোচনা হওয়ার কথা রয়েছে। জিল্লুর রহমান দ্বিতীয় দফায় বন্যা শুরু হওয়ায় দলীয় নেতাকর্মীদের আবার বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের ওই বৈঠক বিকাল সোয়া ৪টায় শুরু হয়ে বিকাল পাঁচটা পর্যন্ত চলে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/বিআর/এমএসবি/এমএইচবি/২০৫২ ঘ.